মুসা বিন শমসেরের বিরুদ্ধে তথ্য দিলেন দুই সাংবাদিক
বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগসংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তদন্ত সংস্থার কাছে জমা দিয়েছেন দুজন সাংবাদিক। তাঁরা হলেন প্রবীর সিকদার ও সাগর লোহানী।
গতকাল বিকেলে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার ধানমন্ডির কার্যালয়ে গিয়ে তাঁরা ২৮ পৃষ্ঠার প্রতিবেদন সংস্থাটির জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হকের কাছে জমা দেন। এ প্রসঙ্গে তাঁরা গতকাল সাংবাদিকদের বলেন, পত্রপত্রিকায় প্রকাশিত মুসা বিন শমসেরের বিরুদ্ধে যুদ্ধাপরাধসংক্রান্ত যেসব তথ্য তাঁদের কাছে ছিল, তা প্রতিবেদন আকারে তদন্ত সংস্থার কাছে জমা দিয়েছেন।
সানাউল হক বলেন, অনুসন্ধান কর্মকর্তাকে প্রতিবেদনটি দেওয়া হবে। এর আগে গত ২৯ মার্চ সানাউল হক সাংবাদিকদের বলেছিলেন, মুসা বিন শমসেরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে তদন্ত সংস্থা। এ ব্যাপারে কারও কাছে কোনো তথ্য থাকলে তা তদন্ত সংস্থার কাছে জমা দেওয়ার আহ্বান জানান তিনি। ওই আহ্বানে সাড়া দিয়েই মুসা বিন শমসেরের বিরুদ্ধে যেসব তথ্য ছিল, তা প্রতিবেদন আকারে জমা দেন এই দুজন।
প্রধান তদন্ত কর্মকর্তার কাছে আবেদনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় মুসা বিন শমসের ফরিদপুরে মানবতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। জনকণ্ঠ-এর ফরিদপুর প্রতিনিধি থাকাকালে প্রবীর সিকদার অনুসন্ধান করে মুসার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে ওই পত্রিকায় প্রতিবেদন করেন। এর পর সন্ত্রাসীরা তাঁকে খুন করার জন্য হামলা চালায়।