তদন্ত সংস্থার আহ্বানে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগসংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জমা দিয়েছেন দুজন সাংবাদিক।
আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ২৮ পৃষ্ঠার এ প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হকের কাছে জমা দেন ওই দুই সাংবাদিক। তাঁরা হলেন সাংবাদিক প্রবীর শিকদার ও সাংবাদিক সাগর লোহানী। পরে তাঁরা সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংগ্রহ করে প্রতিবেদন আকারে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান ও জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হকের কাছে জমা দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে কাজ করা হবে বলে তদন্ত সংস্থার ওই দুই কর্মকর্তা তাঁদের আশ্বস্ত করেছেন।
সাংবাদিক প্রবীর শিকদার বলেন, তিনি জনকণ্ঠের প্রতিবেদক থাকাকালে মুসা বিন শমসেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে প্রতিবেদন করেছিলেন।
পরে সাগর লোহানী প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত মুসা বিন শমসেরের বিরুদ্ধে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা প্রতিবেদন আকারে তদন্ত সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে। আশা করছি, তদন্ত সংস্থা অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন।
তবে এই দুই সাংবাদিকের প্রতিবেদন জমা দেওয়ার পর এ নিয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে চাননি সানাউল হক।
গত ২৯ মার্চ মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের নয়জনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেদিন জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ-সংক্রান্ত বিষয়ে মুসা বিন শমসেরের বিরুদ্ধে তাঁরা প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন। যদি এ-সংক্রান্ত কোনো তথ্য কারও কাছে থাকে, তা তদন্ত সংস্থার কাছে জমা দেওয়ার আহ্বান জানান। তাঁর আহ্বানে সাড়া দিয়ে প্রবীর শিকদার ও সাগর লোহানী আজ এ প্রতিবেদন জমা দিয়েছেন।