মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলার সুপারিশ
শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে ব্যবহার করার অভিযোগে বৃহস্পতিবার বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা করার সুপারিশ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, শুল্ক গোয়েন্দারা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি আমলে নিয়ে মামলা দায়ের ও তদন্তের জন্য দুদকের কাছে পাঠানো হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, মুসা বিন শমসেরের ব্যবহার করা অবৈধ রেঞ্জ রোভার গাড়িটি গত ২১ মার্চ শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে জমা দিতে নোটিশ দেওয়া হলেও তিনি নিজের বাড়ি থেকে গাড়িটি সরিয়ে ফেলেছিলেন। পরে ধানমন্ডির ৬ নম্বর সড়কের ৫১ নম্বর বাড়ি থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
গত ২১ মার্চ মইনুল খান প্রথম আলোকে বলেন, গাড়িটি ভুয়া আমদানি দলিলাদি দিয়ে (ভোলা ঘ ১১-০০-৩৫ হিসেবে) রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল। কাগজপত্র যাচাই করে দেখা যায়, চট্টগ্রাম কাস্টম হাউসের বিল অব এন্ট্রি-১০৪৫৯১১, তারিখ ১৩/১২/২০১১ এ ১৩০% শুল্ক প্রদান করে ভোলা থেকে রেজিস্ট্রেশন করা হয়। এ ছাড়া রেজিস্ট্রেশনে গাড়িটির রং সাদা উল্লেখ থাকলেও উদ্ধার করা গাড়িটি কালো রঙের। কাস্টম হাউসের নথি যাচাই করে এই বিল অব এন্ট্রি ভুয়া হিসেবে প্রমাণ পাওয়া গেছে।
ভোলার বিআরটিএ থেকে জানা যায়, এই গাড়িটি পাবনার ফারুকুজ্জামান নামের এক ব্যক্তির নামে রেজিস্ট্রেশন নেওয়া হয়।
গাড়িটি ভোলা বিআরটিএ থেকে শুল্ক পরিশোধের ভুয়া বিল অব এন্ট্রি দেখিয়ে রেজিস্ট্রেশন করান মুসা বিন শমসের। তিনি এতে ১৭ লাখ টাকা শুল্ক দিয়েছেন মর্মে দাবি করেন। কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউস জানান, এই বিল অব এন্ট্রি দাখিল হয়নি। ফলে সরকারের প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা ফাঁকির সঙ্গে জড়িত ছিলেন মুসা বিন শমসের। ভোলা বিআরটিএর কর্মকর্তার যোগসাজশে তিনি এ দুর্নীতি করেছেন মর্মে অনুসন্ধানে বলা হয়েছে।
পরবর্তীতে শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং সংক্রান্ত ব্যাপারে তদন্তে জিজ্ঞাসাবাদ ও শুনানির প্রয়োজনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে তলব করা হয় মুসাকে। মে মাসের ৭ তারিখে এই বিতর্কিত ব্যবসায়ী সশরীরে হাজির হয়ে বক্তব্য প্রদান করেন।