মুসা বিন শমসেরের সঙ্গে সংশ্লিষ্টতা, ব্যবসায়ীকে তলব
মুসা বিন শমসেরের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এক ব্যবসায়ীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৮ জানুয়ারি সকাল ১০ টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে হাজির হতে বলা হয়েছে। আজ বুধবার তাঁকে তলবি নোটিশ পাঠান দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী।
দুদক সূত্র জানায়, অনুসন্ধানে মুসা বিন শমসেরের সঙ্গে ব্যবসায়ী টিপু আলমের সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে তলব করা হয়েছে।
এর আগে মুসার বিরুদ্ধে আসা অভিযোগ বিষয়ে আরেক ব্যবসায়ী শহীদুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হয়। শহীদুল্লাহ মুসার ছোট ছেলে জুবি হাজ্জাজের শ্বশুর।
মুসা বিন শমসেরের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, সুইস ব্যাংকে ৫১ হাজার কোটি টাকা জমা থাকা ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুদক। গত ১৮ ডিসেম্বর তাঁকে টানা চার ঘণ্টা দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। আবারও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলে দুদক সূত্রটি জানিয়েছে।
সূত্রটি আরও জানায়, দৃশ্যমান কোন ব্যবসা বাণিজ্য না করেও মুসার জৌলুসপূর্ণ জীবনযাপনের রহস্য খুঁজতে তৎপরতা বাড়ানো হয়েছে। মুসার বক্তব্য অনুযায়ী সুইস ব্যাংকে আটকে থাকা ৫১ হাজার কোটি টাকা আয়ের উৎস জানতে চাওয়া হবে দ্বিতীয়বারের জিজ্ঞাসাবাদে।
দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন বলেন, মুসা বিন শমসেরের অস্ত্র ব্যবসার গোপন তথ্য দুদককে অবশ্যই জানাতে হবে। ওই অর্থ বৈধ নাকি অবৈধ, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। প্রথম জিজ্ঞাসাবাদে মুসা অস্ত্র ব্যবসা সম্পর্কে কোনো তথ্য দুদককে জানাতে চাননি। এ জন্য তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।
গত বছরের ১৮ ডিসেম্বর মুসা বিন শমসেরকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয় ৩ নভেম্বর।