মুসা বিন শমসেরের সম্পদের অনুসন্ধান করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের সম্পদের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, চলতি বছরের জুন মাসে বিজনেস এশিয়া নামের একটি সাময়িকীর ঈদসংখ্যায় মুসা বিন শমসেরকে নিয়ে প্রকাশিত প্রচ্ছদ প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সাময়িকীতে এই ব্যবসায়ীর সাক্ষাৎকারের ভিত্তিতে তাঁর জীবনযাত্রা, আর্থিক সামর্থ্য ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়।
বিজনেস এশিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মুসা বিন শমসের বিপুল ধনসম্পদের অধিকারী হয়েছেন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা, তেল বাণিজ্য ও কেনাবেচার মধ্যস্থতার মাধ্যমে। ড্যাটকো নামে রয়েছে তাঁর জনশক্তি রপ্তানির ব্যবসাপ্রতিষ্ঠান। প্রতিবেদনে মুসাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি ব্যবসার ‘জনক’ উল্লেখ করা হয়।
বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে মুসা বিন শমসেরকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তাঁকে ‘প্রিন্স’ হিসেবে উল্লেখ করা হয়। যুক্তরাজ্যের দ্য উইকলি নিউজ সাময়িকী এক প্রতিবেদনে বলা হয়, ‘মুসা বিন শমসের সব সময় সবচেয়ে সেরা জিনিস ব্যবহার করতে পছন্দ করেন।’ প্রতিদিন তিনি গোসল করেন গোলাপ পানিতে। নিত্যদিনের চলাফেরায় অথবা বিশেষ কোনো অনুষ্ঠানে অঙ্গসজ্জা ও বেশভূষায় তিনি ৭০ লাখ ডলার মূল্যের গয়না-অলংকার ব্যবহার করেন।
দুদকের কমিশনার মো. শাহাবুদ্দিন গতকাল সাংবাদিকদের বলেন, পত্রিকার প্রতিবেদনে মুসা বিন শমসেরের আয়, আয়ের উৎস ও জীবনযাপনের কথা যেভাবে প্রকাশিত হয়েছে, সেটা দুদকের অস্বাভাবিক মনে হয়েছে। তাই এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
২০১০ সালে বাংলাদেশের একটি ট্যাবলয়েড দৈনিকে ছাপা প্রতিবেদনের ওপর ভিত্তি করে মুসা বিন শমসেরের সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।