মুসাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে আজ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পরিচালক ও এ-সংক্রান্ত অনুসন্ধান দলের প্রধান মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে বেলা ১১টার কিছু আগে তিনি দুদক কার্যালয়ে পৌঁছান।
গত ১৩ জানুয়ারি মুসা বিন শমসেরকে দুদকে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে দুই-তিন মাসের জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন। সে আবেদন নাকচ করে দুই সপ্তাহ সময় দিয়ে তাঁকে ২৮ জানুয়ারি দুদকে হাজির হতে চিঠি দেওয়া হয়।
অসুস্থতার কারণ দেখিয়ে ১২ জানুয়ারি দুদকের তলবে হাজির হতে পারছেন না বলে মুসা বিন শমসের যে চিঠি পাঠিয়েছেন, এতে বলা হয়, তিনি মৃত্যু আতঙ্কে (ডেথ ফোবিয়া) ভুগছেন। একই সঙ্গে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসও তাঁকে ভোগাচ্ছে। চিকিৎসকের সনদ যুক্ত করে দুদককে দেওয়া চিঠিতে তিনি তাঁকে জিজ্ঞাসাবাদের সময় দুই থেকে তিন মাস পেছানোর আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক ২৮ জানুয়ারি নতুন করে জিজ্ঞাসাবাদের সময় নির্ধারণ করে মুসাকে চিঠি পাঠায়।
বিতর্কিত এ ব্যবসায়ীর কথিত বিপুল পরিমাণ সম্পদের রহস্য উদ্ঘাটনে ৪ জানুয়ারি তৃতীয়বারের মতো তাঁকে তলব করে নোটিশ দেয় দুদক। পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত ওই তলবি নোটিশে তাঁকে ১৩ জানুয়ারি বেলা ১১টায় সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল।
আরও পড়ুন...
মুসাকে কাল দুদকে জিজ্ঞাসাবাদ