মুসার এভারেস্ট জয়ের কাহিনি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি
মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের কাহিনি ও জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তাঁর গ্রামের বাসিন্দারা। গতকাল সোমবার মুসার গ্রামের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া বসিনটারীতে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় গ্রামের মানুষ এই দাবি জানান। অনুষ্ঠানে গন্ধমরুয়া বসিনটারী গ্রামের নাম ইব্রাহীমপুর করারও দাবি জানানো হয়।দুপুরে স্থানীয় গন্ধমরুয়া এবতেদায়ী মাদ্রাসা চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জামাল উদ্দীন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজুর রহমান, আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও মুসা ইব্রাহীমের চাচা আফজাল হোসেন।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মুসা ইব্রাহীম লালমনিরহাট জেলার প্রবেশদ্বার তিস্তা সড়ক সেতুর মুখে পৌঁছান। এ সময় দুর্গাপুর ইউনিয়নের শত শত মানুষ তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।দুপুর ১২টার দিকে মুসা ইব্রাহীম নিজের গ্রাম গন্ধমরুয়া বসিনটারীতে পৌঁছালে তাঁকে একনজর দেখার জন্য কয়েক হাজার মানুষ ছুটে আসে। অনুষ্ঠানে মুসা ইব্রাহীম তাঁর এভারেস্ট জয়ের কাহিনি বর্ণনা করেন। তিনি বলেন, তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে প্রথম বাংলাদেশি হিসেবে মহাশূন্যে বিচরণ, একজন নারীকে এভারেস্ট জয়ে সহায়তা করা ও টেকনাফ থেকে তেঁতুলিয়া সাঁতরে পাড়ি দেওয়া। গতকাল লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটেও মুসা ইব্রাহীমকে সংবর্ধনা দেওয়া হয়।