মুসার পরিবারকে প্রধানমন্ত্রীর পাঁচ লাখ টাকা অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছাত্রশিবিরের কর্মীদের দেওয়া আগুনে পুড়ে নিহত ইজিবাইকচালক মোহাম্মদ মুসার পরিবারকে পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে নিহত মুসার মা-বাবার হাতে অনুদানের চেক তুলে দেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় স্থানীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি উপস্থিত ছিলেন।
অনুদানের চেক পেয়ে নিহত মুসার বাবা সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। তার মৃত্যুর পর আমাদের পথে বসতে হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচ লাখ টাকা ব্যাংকে জমা রেখে সংসারের খরচ চালাব।’
গত ২৫ মার্চ জামায়াতের ডাকা হরতাল কর্মসূচির দিন ভোরের দিকে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হন মুসা। ওই দিন নগরের রাহাত্তরপোল এলাকায় শিবিরের কর্মীরা তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। এতে শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
মুসার চিকিৎসার জন্য স্থানীয় লোকজন চাঁদা তোলেন। স্থানীয় সাংসদ নুরুল ইসলামও চিকিৎসার জন্য টাকার জোগান দেন।
সাংসদ নুরুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মুসার মৃত্যুতে তাঁর পরিবারের সদস্যদের পথে বসার উপক্রম হয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী পাঁচ লাখ টাকার অনুদান দেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে মুসার বাবার ঘর মেরামত করে দেব।’
গতকাল অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, মুসার মৃত্যুর দায় খালেদা জিয়া ও ১৮-দলীয় জোট এড়াতে পারেন না। ১৮-দলীয় জোট হরতালের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। তাদের হাত থেকে খেটে খাওয়া সাধারণ মানুষও রক্ষা পাচ্ছে না। এদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।