মুস্তফা কামাল সভাপতি মুজিবুল হক সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। এতে সভাপতি করা হয়েছে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে। তাঁর ছোট ভাই সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার সহসভাপতি। সাধারণ সম্পাদক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক ও ধর্মবিষয়ক সম্পাদক করা হয়েছে তাঁর এক ভাতিজাকে।

দলীয় সূত্রে জানা গেছে, ২৩ জুলাই রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সাংসদ মো. তাজুল ইসলামকে। তাঁর শ্যালক লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলীকে সদস্যপদে রাখা হয়েছে। পরিকল্পনামন্ত্রীর বড় ভাই আবদুল হামিদ সদস্য।

৭১ সদস্যের এই কমিটির ৩৯ জনই নতুন মুখ। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন সহসভাপতি স্থানীয় সরকার অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী চৌদ্দগ্রামের মুন্সীরহাট এলাকার বাসিন্দা ওয়াহিদুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক সম্পাদক এ এম শাহাদাত হোসাইন, দপ্তর সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুপম মজুমদার, পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক একই কমিটির সাবেক সহসভাপতি ফরহাদুল মিজান, সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মীজানুর রহমান।

নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী আহ্বায়ক কমিটির একজন সদস্য বলেন, ১৯৯৫ সালে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়।২০০৬ সালের ১২ মে আহ্বায়ক কমিটিগঠন করা হয়। ২১ বছর পর বর্তমান কমিটি ঘোষণা করা হলো। তবে এতে বহু ত্যাগী নেতা-কর্মী বাদ পড়েছেন।

দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক সেলিম রেজা সৌরভ বলেন, ‘কী যোগ্যতা অর্জন করলে জেলা কমিটির সদস্য হওয়া যাবে, তা বুঝতে পারছি না। কমিটিতে আমাদের পদ নেই, অথচ বাচ্চা ছেলেরা পদে।’

জেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজুর রহমান বলেন, ‘২০০৬ সালের ৫৪ সদস্যের আহ্বায়ক কমিটিতে আমার অবস্থান ছিল ৯ নম্বরে। কিন্তু সেই কমিটিতে ১১ নম্বরে যাঁর নাম ছিল, তাঁকে এবার সহসভাপতি পদে আমার আগে স্থান দেওয়া হয়েছে।’

যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘নবীন ও প্রবীণের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। একই পরিবারের একাধিক ব্যক্তি কমিটিতে থাকলেও তাঁরা নিজ নিজ যোগ্যতাবলেই কমিটিতে এসেছেন।’