মুহম্মদ জাফর ইকবালের একটি ‘শ্রেষ্ঠ সকাল’
‘আমি তোমাদের সঙ্গে বিজ্ঞান মেলায় সকালটা কাটিয়েছি। আজকের সকাল আমার জন্য শ্রেষ্ঠ সকাল। তোমাদের বিজ্ঞান মেলার প্রজেক্টগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। প্রজেক্টগুলো করে তোমরা বিজ্ঞানী হয়ে গেছ—এমনটা নয়। আমি চাই, বিজ্ঞানী হওয়ার সঠিক পদ্ধতি অনুসরণ করে তোমরা সত্যিকার অর্থে বিজ্ঞানী হও। তোমরাই একদিন সফল গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী হবে—এটাই আশা করি।’সিলেটে গতকাল বৃহস্পতিবার একটি বিজ্ঞান উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেখক-শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠান ‘আনন্দ নিকেতন’ এ উৎসবের আয়োজন করে। সকাল আটটায় বিজ্ঞান উৎসব শুরু হয়। শিক্ষার্থীদের প্রায় ১০০টি প্রদর্শনী নিয়ে ছিল উৎসবের আয়োজন। মুহম্মদ জাফর ইকবাল প্রদর্শনীগুলো ঘুরে দেখেন এবং বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের কথাবার্তা শোনেন। পরিদর্শন শেষে বেলা একটায় বিদ্যালয় চত্বরে তৈরি মঞ্চে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আনন্দ নিকেতনের একাডেমিক প্রধান শামীম চৌধুরী। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীর একটি করে প্রকল্প নিয়ে মোট ৯৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের উদ্দেশে বক্তব্য দেন মুহম্মদ জাফর ইকবাল। বিজ্ঞান উৎসবে মুহম্মদ জাফর ইকবালকে কাছে পেয়ে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও উচ্ছ্বসিত দেখা গেছে। বায়োগ্যাসের প্রকল্প নিয়ে পুরস্কার পাওয়া শিক্ষার্থী সৈয়দা জাকারিয়া আফরিন বলে, বিজ্ঞান উৎসবে প্রিয় স্যারের উপস্থিতি ছিল তাদের কাছে সবচেয়ে বেশি উৎসাহের। শিক্ষার্থীদের উদ্দেশে মুহম্মদ জাফর ইকবালের বক্তৃতা শোনার পর অভিভাবক জয়জয়ন্তী দত্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা ছেলেমেয়েদেরকে বিজ্ঞানমনস্ক করতে চাই। তাই ছেলেকে এখানে নিয়ে এসেছি। এ ধরনের আয়োজনে বিজ্ঞানমনস্ক আদর্শ মানুষের সান্নিধ্য বেশি হওয়া দরকার।’