মুহসিন কলেজে হামলায় পাঁচ শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না দেওয়ায় খুলনা নগরের খালিশপুরে হাজী মুহাম্মদ মুহসিন কলেজে গত শনিবার হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ওই শিক্ষার্থীদের পক্ষে বহিরাগত ও ছাত্রলীগের ক্যাডাররা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অধ্যক্ষসহ পাঁচ শিক্ষক আহত হন।শিক্ষক, ছাত্র ও পুলিশ জানায়, ১০ ডিসেম্বর কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ৩৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন অকৃতকার্য হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় ছাত্রলীগের কলেজ শাখার সাবেক সভাপতি ও কলেজের সাবেক ভিপি মনিরুজ্জামান ১২-১৪ জন সহযোগী নিয়ে অধ্যক্ষের কাছে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেওয়ার দাবি জানান। এই দাবি না মানায় তাঁরা অধ্যক্ষ ও শিক্ষকদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে অধ্যক্ষ আবদুর রউফ, উপাধ্যক্ষ নাজমুল হাসান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, ইংরেজি বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন মৃধা ও হিসাববিজ্ঞান বিভাগের প্রধান শেখ মো. মাসুম আহমেদ আহত হন।পরে ছাত্রলীগের ক্যাডাররা প্রশাসনিক ভবনের কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেন এবং ক্যাম্পাসে মিছিল বের করে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবি জানিয়ে স্লোগান দেন। আধা ঘণ্টার পর খবর পেয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস পুলিশ নিয়ে কলেজে এসে গেটের তালা খুলে দেন।মনিরুজ্জামান দাবি করেন, তিনি অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সহায়তা দিতে অধ্যক্ষকে অনুরোধ জানিয়েছেন। তবে কাউকে সঙ্গে নিয়ে কলেজে ভাঙচুর চালাননি। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়।অধ্যক্ষ আবদুর রউফ জানান, অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেওয়ার দাবি না মানায় বহিরাগতরা কলেজে ভাঙচুর ও তাঁদের ওপর হামলা চালিয়েছে। তারা ফরম পূরণ করতে আসা সাধারণ শিক্ষার্থীদের জোর করে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে।