জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত গণিত চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের ২৯ জন পরীক্ষার্থীর সবাইকে অকৃতকার্য দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হয়।‘ডিসক্রিট ম্যাথমেটিকস’ পরীক্ষায় সব শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানোয় এ ফলাফল বিপর্যয় ঘটেছে। কিন্তু শিক্ষার্থীরা বলছেন, তাঁরা কেউ-ই ওই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন না।এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ আবদুল গোফরান প্রথম আলোকে বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুলের কারণে এমন হয়েছে। বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানিয়েছি। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যে এ সমস্যার সমাধান পাওয়া যাবে।’ অধ্যক্ষ এ নিয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন।জানা যায়, ২০০৫-০৬ শিক্ষাবর্ষের গণিত সম্মান শ্রেণীর চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয় গত বছরের ১৩ সেপ্টেম্বর। পরীক্ষা শেষ হয় ২২ অক্টোবর। গতকাল ফলাফল প্রকাশিত হয়। অনলাইনে ফলাফল যাচাই করে দেখা যায়, ২৯ পরীক্ষার্থীর সবাই সব বিষয়ে ভালো নম্বর পেয়েছেন। কিন্তু ‘ডিসক্রিট ম্যাথমেটিকস’ পরীক্ষায় তাঁদের অনুপস্থিত দেখানো হয়েছে। শিক্ষার্থী এস আর এম শহিদ বলেন, ‘আমার সব বিষয়ে প্রথম বিভাগ পাওয়ার মতো নম্বর রয়েছে। কিন্তু এক দিনের পরীক্ষায় অনুপস্থিতির অজুহাত তুলে আমাকে ফেল দেখানো হয়েছে। কারণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী যেকোনো বিষয়ে অনুপস্থিত থাকলে পুরো পরীক্ষায় অকৃতকার্য হয়ে যায়।’শিক্ষার্থীদের দাবি, তাঁদের কেউ-ই ওই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন না। উপস্থিতিপত্রই তার প্রমাণ দেয়। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদাসীনতার কারণে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে।