মুহসীন হলে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে গতকাল বুধবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। দুপুরে প্রতিপক্ষের হাতে ছাত্রলীগের এক কর্মী আহত হওয়ার জের ধরে রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল দুপুরে ছাত্রলীগের কর্মী মো. রাসেল মুহসীন হলের ক্যানটিনে খেতে যান। এ সময় বসা নিয়ে প্রতিপক্ষ আসাদুজ্জামানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেলকে মারধর করেন আসাদ। খবর পেয়ে রাসেলের সমর্থকেরা এগিয়ে গেলে আসাদ পালিয়ে যান। রাত আটটার দিকে আসাদ মুহসীন হলে ঢুকলে প্রতিপক্ষের কর্মীরা তাঁকে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে রাত নয়টার দিকে মুহসীন হল শাখা ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একটি কক্ষ ভাঙচুর করা হয়।জানতে চাইলে মুহসীন হলের প্রাধ্যক্ষ আলী আক্কাস প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে তাদের ডেকে মীমাংসা করে দেওয়া হয়েছে।