মুহাম্মদ আলী সিদ্দিকীর চিকিৎসা-সহায়তায় ৬ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ সংগীতশিল্পী মুহাম্মদ আলী সিদ্দিকীর চিকিৎসায় সহায়তার জন্য ছয় লাখ টাকা দিয়েছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিল্পীর হাতে পাঁচ লাখ টাকার চেক এবং নগদ এক লাখ টাকা তুলে দেন। খবর বাসসের।ওবায়দুল কাদের বাসসকে জানান, তিনি গতকাল বিকেল সাড়ে তিনটায় মুহাম্মদ আলী সিদ্দিকীর মিরপুরের বাসভবনে গিয়ে চেক এবং টাকা শিল্পীর হাতে তুলে দেন। চেক গ্রহণ করে মুহাম্মদ আলী সিদ্দিকী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।উল্লেখ্য, ষাট ও সত্তরের দশকের বাংলা চলচ্চিত্র, বেতার-টেলিভিশনের প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সংগীতপরিচালক মুহাম্মদ আলী সিদ্দিকী ২০১০ সালের ২ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে তাঁর শরীরের একটি অংশ অবশ হয়ে যায়।