মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংককে হেয় করলে দেশের মান বাড়বে না
ক্ষুদ্রঋণের জনক হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন ড. মুহাম্মদ ইউনূস। তাই নোবেলজয়ী ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংককে হেয় করা হলে দেশের মান উজ্জ্বল হবে না। বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর শীর্ষ সমন্বয়কারী সংস্থা অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশের (এডাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এস এম নাজের হোসাইন ও বাংলাদেশ গ্রাসরুটস এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশনের (বিজিইএ) প্রেসিডেন্ট কাজী ইকবাল বাহার ছাবেরী গত রোববার এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছেন। বিবৃতিতে বলা হয়, তহবিল সরানোর ঘটনাটি ১৯৯৮ সালে দাতা সংস্থার সঙ্গে মীমাংসা হয়েছে। তা ছাড়া এককভাবে মুহাম্মদ ইউনূস তা করেননি। তাই ওই ঘটনা টেনে এনে একজন নোবেলজয়ীর চরিত্র হনন শুভবুদ্ধির পরিচয় বহন করে না। এ ঘটনাকে সরকারের জন্য আরেকটি ষড়যন্ত্র কি না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ব্যস্ত, ঠিক তখনই দেশের দরিদ্র মানুষের সহজে ঋণ পাওয়ার অধিকারহরণের ঘটনা সরকারের জন্য হিতে বিপরীত হতে পারে।