মুহাম্মদ ইউনূস ও ফজলে হাসান আবেদের সঙ্গে চেরি ব্লেয়ারের সাক্ষাত্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার গতকাল সোমবার গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে মুহাম্মদ ইউনূসের সঙ্গে এবং মহাখালীর ব্র্যাক সেন্টারে ফজলে হাসান আবেদের সঙ্গে চেরি ব্লেয়ারের বৈঠক হয়। চার দিনের সফরে গত শুক্রবার বাংলাদেশে আসেন চেরি ব্লেয়ার।গতকাল ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুহাম্মদ ইউনূস চেরি ব্লেয়ারের সঙ্গে গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ হেলথ কেয়ার ট্রাস্টের বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এ সময় টনি ব্লেয়ারের শ্যালিকা লেডি ব্লেয়ার ও সু গেডেস চেরি ব্লেয়ারের সঙ্গে ছিলেন।ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে চেরি ব্লেয়ার ও ফজলে হাসান আবেদ দেশে নারী শিক্ষার অগ্রগতি, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ ও তাদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেছেন। চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতি বাংলাদেশ সরকারের সহযোগিতার প্রশংসাও করেছেন চেরি ব্লেয়ার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের পরিচালনা পরিষদের সদস্য আইরিন খান, নির্বাহী পরিচালক মাহবুব হোসেন প্রমুখ।