মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক ধ্বংস করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আবারও শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘উনি একটি অবস্থান নিয়েছেন, যা স্ববিরোধী। গ্রামীণের সব প্রতিষ্ঠানের একই ঠিকানা। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা চেয়ারম্যানও তিনি নিজে। আমি জানি না কী বলব, আপনারাই বলুন।’ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘উনি রিট করে আটকে রেখেছেন। হয়তো নিজে না, কাউকে দিয়ে আটকে রেখেছেন। উনি গ্রামীণ ব্যাংককে ধ্বংস করছেন। কেউ যদি গ্রামীণ ব্যাংককে ধ্বংসের পদক্ষেপ নিয়ে থাকেন, তা আর কেউ নন, স্বয়ং ইউনূস সাহেব।’ সচিবালয়ে গতকাল সোমবার অর্থমন্ত্রীর সঙ্গে গ্রামীণ ব্যাংক কমিশনের চেয়ারম্যান মামুন-উর-রশীদের এক বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক কমিশন একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে। এ প্রতিবেদনে যেসব বিষয় উঠে এসেছে, এগুলোই চূড়ান্ত। এর খুব বেশি কোনো পরিবর্তন হবে না। প্রতিবেদনে বলিষ্ঠভাবে এসেছে পরিচালনা পর্ষদের সদস্যদের নির্বাচনের বিষয়টি। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচন বর্তমানে যেভাবে হয়, তা কোনো নির্বাচন নয়। এখানে কোনো গণতন্ত্র নেই। নির্বাচনের জন্য তাই নতুন বিধিবিধান প্রণয়ন করা দরকার। হল-মার্ক প্রসঙ্গ: অর্থমন্ত্রী বলেন, হল-মার্ক কেলেঙ্কারিতে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা ছাড়া আরও বড় বড় কয়েকজন এতে জড়িত। কিন্তু দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। রাজশাহীতে পুলিশকে মারধর: রাজশাহীতে পুলিশের এক সদস্যকে অনেকে মিলে মেরেছে—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমার প্রথম প্রশ্ন, তিনি একলা ছিলেন কেন? আশপাশে কেউ ছিল না। একজন মানুষকে এতজন মিলে ইট-পাথর দিয়ে মারল? আমি বলব, তারা হত্যাকারী। যথাশিগগির তাদের গ্রেপ্তার করা দরকার।’