মুহাম্মদ ইউনূসকে হেয় করতে ঘৃণ্য প্রচারণা
শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘গরিবের রক্তচোষা’ অভিযোগে অভিযুক্ত করে তাঁকে হেনস্তার চেষ্টার পর এবার রাষ্ট্রীয় মদদে তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে আরেক ঘৃণ্য প্রচারণা। এখন তাঁকে ইসলামবিদ্বেষী এবং সমকামিতার পৃষ্ঠপোষক হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। এএফপি।
মুহাম্মদ ইউনূসের উদ্ভাবিত ক্ষুদ্রঋণ কার্যক্রম সারা বিশ্ব গ্রহণ করেছে উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে। কিন্তু তাঁর এই ক্ষুদ্রঋণ কার্যক্রমকেই বছরের পর বছর ধরে খাটো করে দেখানোর চেষ্টা চলেছে। এখন তাঁকে আক্রমণ করা হচ্ছে ব্যক্তিগত ও ভয়ংকরভাবে।
এ ঘটনার শুরুটা গত বছরের এপ্রিলে। উগান্ডায় সমকামীদের বিচারের সমালোচনা করে আরও তিন নোবেল বিজয়ীর সঙ্গে একটি বিবৃতিতে সই করেছিলেন মুহাম্মদ ইউনূস। তখন এটি নিয়ে তেমন কোনো কথা হয়নি। কিন্তু সম্প্রতি বিষয়টি আলোচনায় এসেছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে। সারা দেশের হাজার হাজার ইমামের বেতন-ভাতা দেওয়া হয় সরকারি এই প্রতিষ্ঠানটির মাধ্যমে।
মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ওই সব অভিযোগ তুলে বিক্ষোভ করা হয়েছে। তাঁকে ‘ইহুদি-খ্রিষ্টানদের সহযোগী’ অভিহিত করে ছড়ানো হয়েছে লিফলেট। ৩০ অক্টোবর ঢাকায় ডাক দেওয়া হয়েছে বিক্ষোভ-সমাবেশের।
মানবাধিকার আন্দোলনের কর্মী ও আইনজীবী সারা হোসেন বার্তা সংস্থা এএফপিকে এক সাক্ষাৎকারে বলেছেন, একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কীভাবে এমন প্রচারণা চালাতে পারে? এতে করে তো মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়া হবে।
জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘ইসলাম সুদকে হারাম করেছে। ড. ইউনূস এই সুদকে একটি প্রক্রিয়ায় এনে ব্যবসা হিসেবে বাস্তবায়ন করছেন, যা কোরআন-হাদিসবিরোধী। উপরন্তু তিনি হারাম ব্যবসার ওপর নোবেল নিয়েছেন। অন্যদিকে তিনি সমকামিতাকে সমর্থন করে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছেন। একজন মুসলমান হিসেবে এ বিষয়ে মানুষকে সজাগ করার দরকার বলে মনে করি।’
গত বছরের এপ্রিলের ঘটনা এখন তোলার কারণ কী? এ প্রশ্নের জবাব না দিয়ে সামীম মোহাম্মদ আফজাল বলেন, বায়তুল মোকাররম মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান। এ মসজিদের মুসল্লি কমিটি সমাবেশের আয়োজন করেছে। তারাই এর উত্তর দিতে পারবে।