মুহাম্মদ ইউনূসের আবেদনের শুনানি শেষ, আজ আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) খারিজের আদেশ প্রত্যাহার চেয়ে নোবেলজয়ী ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের করা আবেদনের ওপর শুনানি গতকাল বুধবার শেষ হয়েছে। একই সঙ্গে থাকা গ্রামীণ ব্যাংকের নয় পরিচালকের করা লিভ টু আপিলের ওপর শুনানিও শেষ হয়। আজ বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে।প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত সাত বিচারপতির বেঞ্চ গতকাল তৃতীয় দিনের শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন। গতকাল শুনানিতে নয় পরিচালকের আইনজীবী সারা হোসেন বলেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ বা অব্যাহতির এখতিয়ার পরিচালনা পর্ষদের। বাংলাদেশ ব্যাংক ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে অব্যাহতির চিঠি দিয়ে তাঁদের এখতিয়ারে হস্তক্ষেপ করেছে। এ কারণে তাঁরা সংক্ষুব্ধ।রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তাঁদের সংক্ষুব্ধ হওয়ার সুযোগ নেই। কারণ, গ্রামীণ ব্যাংকের বোর্ড রিট করেনি। ব্যাংকের কোনো ধরনের রেজ্যুলেশন ছাড়াই আলাদাভাবে রিটটি করা হয়। সম্মানজক বিদায়ের কথা বলা হয়েছে, চলে যাওয়াই ওনার (ইউনূসের) বড় সম্মান।এ সময় ইউনূসের আইনজীবী ড. কামাল হোসেন, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, মুস্তাফিজুর রহমান খান, তানিম হোসেইন উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক নেওয়াজ।জানা যায়, কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে ইউনূসকে অব্যাহতি দেয়। এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক ৩ মার্চ দুটি রিট আবেদন করেন। ৮ মার্চ হাইকোর্ট রিট দুটি সরাসরি খারিজ করেন। এর বিরুদ্ধে ইউনূস ও নয় পরিচালক পৃথক লিভ টু আপিল করেন। তবে ৫ এপ্রিল আপিল বিভাগে ইউনূসের লিভ টু আপিল খারিজ হয়।