মুহাম্মদ হাবিবুর রহমানকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানাল সর্বস্তরের মানুষ। এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় তাঁর কফিন। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানায়। হাজারো মানুষের দীর্ঘ লাইন শহীদ মিনার থেকে ঢাকা মেডিকেল কলেজের প্রবেশ ফটক ছাড়িয়ে যায়।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর সাড়ে ১২টার দিকে এই ভাষাসৈনিকের মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট চত্বরে। এখানে শ্রদ্ধা নিবেদনের পর জানাজা সম্পন্ন হবে। সেখান থেকে নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। এখানে বাদ আসর দ্বিতীয় জানাজার পর বনানী কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
হাবিবুর রহমান আকস্মিক অসুস্থতায় গত শনিবার রাত নয়টার পর পৃথিবীর মায়া কাটিয়ে না-ফেরার দেশে চলে যান। মরদেহ রাখা হয়েছিল রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমঘরে।
আজ সকালে হাসপাতাল থেকে মরদেহ গুলশানে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনেরা শেষবারের মতো তাঁকে বিদায় জানান।
প্রজ্ঞা ও দক্ষতার বিরল সমাবেশ
চলে গেলেন আলোর দিশারি