মুহিত নিশাত ওয়াসফিয়াকে সংবর্ধনা দিলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ব্যক্তিগত অর্জনের মধ্য দিয়ে এভারেস্ট বিজয়ী তরুণ-তরুণীরা দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন। বিভিন্ন কারণে বাংলাদেশের যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে, তা কিছুটা হলেও পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন তাঁরা।গতকাল বুধবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বাংলাদেশের এভারেস্ট বিজয়ীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই এভারেস্টজয়ী বাংলাদেশের প্রথম নারী নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন ও এম এ মুহিতকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। পরে তিনজনের হাতে বিএনপির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন খালেদা জিয়া।খালেদা জিয়া বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেন, বাংলাদেশের সাহসী তরুণ প্রজন্ম সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে রক্ষা করবে। দুজন নারীর এভারেস্ট চূড়ায় আরোহণ প্রসঙ্গে তিনি বলেন, মেধা, দক্ষতা এবং বুদ্ধিমত্তা দিয়ে নারীরাও যে এখন দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে, নিশাত ও ওয়াসফিয়া তা প্রমাণ করে দেখিয়েছেন। বিএনপির নেত্রী বলেন, বাংলাদেশের তরুণেরা পড়ালেখার পাশাপাশি আরও বেশি সাহসী কাজে যুক্ত হয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। তরুণেরা যাতে আরও বেশি ইতিবাচক কাজে অংশ নিতে আগ্রহী হয়, সে জন্য তাদের উৎসাহ দিতে হবে। খালেদা জিয়া বলেন, এভারেস্টের চূড়ায় দেশের পতাকা উড়িয়ে তাঁরা প্রমাণ করেছেন, তরুণ প্রজন্মের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ থাকবে।সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। ইউএনবি।