মুহিতকে নেপালে আজ সংবর্ধনা দেবে বাংলাদেশ দূতাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট বিজয়ী মোহাম্মদ আবদুল মুহিতকে (৪১) আজ শুক্রবার সংবর্ধনা দেবে নেপালের বাংলাদেশ দূতাবাস। বিকেল চারটায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে মুহিত ছাড়াও অভিযানে থাকা তাঁর শেরপারা উপস্থিত থাকবেন। নেপালের বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। এম এ মুহিত গতকাল বিকেলে টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘দূতাবাস থেকে বৃহস্পতিবার বিকেলে ফোন করে আমাকে শুক্রবারের অনুষ্ঠানের কথা জানানো হয়।’ মুহিত জানান, গতকাল সারা দিন ঘুম আর বিশ্রামে কেটেছে তাঁর। মুহিত বলেন, ‘এভারেস্টে ওঠার পর সবার আগে মনে পড়ছিল ইনাম আল হকের মুখ। তিনি আমার গুরু। এভারেস্টে ওঠার জন্য মানসিক শক্তিই বড় শক্তি। এটি কীভাবে অর্জন করতে হয়, তা ইনাম ভাই আমাকে শিখিয়েছেন।’ কবে নাগাদ ঢাকায় ফিরবেন?—জানতে চাইলে মুহিত বলেন, ‘রোববার বা সোমবারের মধ্যে দেশে ফিরে আসব বলে ধারণা করছি।’