সিলেটে শিশু শেখ মো. সামিউল আলম রাজনকে (১৪) হত্যার ঘটনায় প্রধান আসামি মুহিতও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার বিকেলে সিলেট মহানগর হাকিম আদালতের (তৃতীয়) হাকিম মো. আনোয়ারুল হক ১৬৪ ধারায় তাঁর এই জবানবন্দি রেকর্ড করেন।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ জানান, বিকেল তিনটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত জবানবন্দি দেওয়ার পর তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।
শিশু সামিউল আলম রাজনকে হত্যার পর লাশ গুম করতে গিয়ে গত ৮ জুলাই দুপুরে কুমারগাঁও বাস স্টেশনের টিলা এলাকায় মাইক্রোবাসসহ জনতার হাতে ধরা পড়েন মুহিত (৩৬)। এ সময় মুহিতের সঙ্গে তাঁর ভাই কামরুল ইসলামসহ (পালিয়ে সৌদি আরব গিয়ে ধরা পড়া) আরও কয়েকজন থাকলেও তাঁরা পালিয়ে যান। ওই দিন রাতে লাশ শনাক্ত হলে রাজনের বাবা শেখ আজিজুর রহমান জালালাবাদ থানায় মুহিত ও কামরুলসহ চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত এজাহার দেন।
তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, জবানবন্দিতে মুহিত লাশ গুম করার বিষয়টি বর্ণনা করেন। নির্যাতনেই রাজনের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেন তিনি।
এর আগে মামলার অন্যতম আসামি চৌকিদার ময়না মিয়া ও রাজনকে নির্যাতনের ভিডিওচিত্র ধারণকারী নূর আহমদ এবং নির্যাতনে সহায়তাকারী দুলাল আহমদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
শিশু সামিউল আলম রাজন হত্যার পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। রাজনকে নির্যাতন করার ২৮ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিওচিত্র এলাকাবাসীর মাধ্যমে গত ১০ জুলাই প্রথম আলোর সিলেট কার্যালয়ে পৌঁছালে ১২ জুলাই ‘নির্মম পৈশাচিক!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই ভিডিওচিত্রটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
অারও পড়ুন :–