
১৩ বছরের শিশু শেখ মো. সামিউল আলম ওরফে রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি মুহিত আলমের শ্যালক ইসমাইল হোসেন আবলুচকে (৩২) রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
ইসমাইলকে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সিলেটের জালালাবাদ থানার পরিদর্শক মো. আলমগীর হোসেন। এ সময় ইসমাইলকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তিনি। আদালত তা মঞ্জুর করেন।
গতকাল সোমবার এই মামলায় মুহিতকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি থেকে ইসমাইলকে পুলিশ আটক করে। পালিয়ে থাকা অন্য আসামিদের সম্পর্কে তথ্য জানতে গতকাল রাতে মুহিতের স্ত্রী লিপি বেগমকেও আটক করে পুলিশ।
সামিউলের বাবা অসুস্থ
শোকে অসুস্থ হয়ে পড়েছেন সামিউলের বাবা শেখ মো. আজিজুর রহমান। বেলা দেড়টার দিকে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সামিউলের মা লুবনা আক্তারের ভাষ্য, গত কয়েক দিন ধরে তিনি খাওয়া-দাওয়া ঠিকমতো করেননি। সকাল থেকে অসুস্থবোধ করছিলেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
মানববন্ধন
সামিউলকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে আজ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সম্মিলিতভাবে মানববন্ধন করেছে সিলেটের বেসরকারি উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজ। দুপুর ১২টা থেকে প্রায় এক ঘণ্টা মানববন্ধন হয়। মানববন্ধন থেকে এ ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।