মুহিবুল্লাহর ওপর হুমকির আগাম তথ্য ছিল না: জাতিসংঘ র‌্যাপোর্টিয়ারদের চিঠির জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ

কক্সবাজারের রোহিঙ্গা নেতা মো. মুহিবুল্লাহকে হত্যার জন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী হুমকি দিয়েছিল—এমন কোনো তথ্য বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছিল না। জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারদের চিঠির জবাবে গত ৩ জানুয়ারি এ তথ্য জানিয়েছে বাংলাদেশ। আজ শনিবার ঢাকা ও জেনেভায় বাংলাদেশের কূটনীতিকেরা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারদের পাঠানো চিঠির জবাবে মুহিবুল্লাহর জীবননাশের হুমকির আগাম তথ্য না থাকার পাশাপাশি খুনের পর সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়গুলো জানানো হয়েছে।

আরও পড়ুন

গত বছরের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ঘাতকদের হামলায় নৃশংসভাবে খুন হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান ছিলেন। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তিনি। পরে আরও ছয়জন রোহিঙ্গা নেতা ঘাতকদের হাতে প্রাণ হারান। নিহত হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই প্রত্যাবাসন বিরোধীরা হুমকি দিচ্ছিল বলে মুহিবুল্লাহ বারবার বলেছেন।

মুহিবুল্লাহসহ রোহিঙ্গা নেতাদের হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চেয়ে গত ১৮ নভেম্বর জাতিসংঘের পাঁচ বিশেষজ্ঞ বাংলাদেশের কাছে চিঠি লিখেছিলেন। ওই পাঁচ বিশেষজ্ঞ হলেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার মরিস টিডবল-বিঞ্জ, মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষা ও উৎসাহিতকরণবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার আইরিন খান, মানবাধিকারকর্মীদের পরিস্থিতিবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ম্যারি লেলর, অভিবাসীদের মানবাধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ফেলিপ গনজালেস মোরালেস ও সংখ্যালঘুবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ফার্নান্দ দে ভ্যারেনেস।

আরও পড়ুন

জাতিসংঘের পাঁচ বিশেষ র‌্যাপোর্টিয়ার মুহিবুল্লাহসহ নিহত রোহিঙ্গাদের হত্যার তথ্য ও তদন্তের অগ্রগতি জানতে চান। মুহিবুল্লাহকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়েছিল কি না, সেটাও তাঁরা জানতে চেয়েছেন বাংলাদেশের কাছে। পাশাপাশি তাঁরা রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি, মিয়ানমারের সংখ্যালঘু জনগোষ্ঠীর সুরক্ষার জন্য পদক্ষেপ এবং তাদের মতপ্রকাশ ও চলাফেরার অধিকার কতটা, সেটার বিষয়েও জানতে চেয়েছেন।

জানা গেছে, ঢাকা থেকে এ ব্যাপারে যে তথ্য পাঠানো হয়েছে, পরে তা জেনেভায় বাংলাদেশ মিশন জাতিসংঘ মানবাধিকার পরিষদের হাইকমিশনারের দপ্তরে পাঠায়।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকার সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ওপর হুমকির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো তথ্য ছিল না। ওই হত্যার পরপরই মামলা করা হয়। পরবর্তী সময়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষভাবে ওই হত্যার তদন্ত করছে। এখন পর্যন্ত সন্দেহভাজন ১২ রোহিঙ্গাকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ জন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তি দিয়েছেন। মুহিবুল্লাহর পরিবারের সব সদস্যের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। এসব তথ্য জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারদের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে।

রোহিঙ্গা শিবিরে ছয় রোহিঙ্গাকে হত্যার বিষয়ে বাংলাদেশের চিঠিতে উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন হত্যায় সম্পৃক্ততার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোহিঙ্গা শিবিরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জনবল বৃদ্ধিসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো সমন্বিত উদ্যোগ নিয়েছে।

মুহিবুল্লাহর পরিবার তাঁর হত্যার জন্য মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে (আরসা) দায়ী করে আসছে। বাংলাদেশ সরকার বরাবরই বলে আসছে, এখানে আরসার অস্তিত্ব নেই। আরসা এক বিবৃতিতে মুহিবুল্লাহ হত্যায় তাদের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করেছে।

রোহিঙ্গা অধিকারকর্মী হিসেবে দেশে-বিদেশে মুহিবুল্লাহর পরিচিতি জোরদার হয় ২০১৯ সালের ২৫ আগষ্টে। ওই দিন রোহিঙ্গা ঢলের বর্ষপূর্তিতে তিনি কয়েক লাখ রোহিঙ্গার সমাবেশের আয়োজন করেন। ফলে প্রত্যাবাসনবিরোধী পক্ষগুলো রোহিঙ্গাদের নেতা হিসেবে মুহিবুল্লাহর উদ্যোগকে ভালোভাবে নেয়নি। ওই সমাবেশের কিছুদিন পর তিনি জনসমক্ষ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। ওই বছর তিনি হোয়াইট হাউসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে এক অনুষ্ঠানে বক্তৃতা করেছিলেন।