মুহুরী লেকে অবাধে পরিযায়ী পাখি নিধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর মুহুরী লেকে আসা পরিযায়ী পাখি অবাধে নিধন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবছরের মতো এবারও মুহুরী লেকে হাজারও পরিযায়ী পাখি এসেছে। পাখিবিশারদ সাজাহান সরদারের মতে, মুহুরী লেকে প্রায় ১৬ প্রজাতির সাইবেরিয়ান পরিযায়ী পাখি আসে। এদের বেশির ভাগই হাঁস প্রজাতির। মুহুরী লেক এলাকায় বেড়াতে আসা চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহরিয়ার হোসেন ও গিয়াস উদ্দিন বলেন, সপ্তাহ খানেক আগে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এসে তাঁরা দেখেছেন একশ্রেণীর অসাধু লোক নির্বিচারে পাখি শিকার করছে। স্থানীয় ব্যবসায়ী মোশারফ হোসেন ও জসিম উদ্দিন বলেন, প্রতিদিন সকালে মিরসরাই ও ফেনীর বিভিন্ন উপজেলার পাখি শিকারিরা অবাধে অতিথি পাখি শিকার করছে। সোনাগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আরেফিন বলেন, ‘মুহুরী লেকে পাখি নিধন বন্ধ করা না গেলে একসময় হয়তো এখানে আর পাখি আসবে না। জরুরি ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নিলে পরিযায়ী পাখিশূন্য হয়ে পড়বে মুহুরী লেক।’ সোনাগাজী মডেল থানার ওসি মো. নবীর হোসেন বলেন, মুহুরী লেক এলাকায় পুলিশের টহল জোরদার করা হবে। কারও বিরুদ্ধে পাখি শিকারের খবর পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম বলেন, পাখি শিকার নিরুৎসাহিত করতে মুহুরী লেক এলাকায় ব্যাপক প্রচারণা চালানো হবে।