ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী লেকে অতিথি পাখি ও পরশুরাম উপজেলার বিভিন্ন বন-জঙ্গল ও জলাশয়ে বিপন্নপ্রায় দেশি পাখি অবাধে শিকার চলছে। শিকারিরা এসব পাখি বাজারে চড়া দামে বিক্রি করছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও শীতের মওসুমে সোনাগাজী উপজেলার মুহুরী লেকে হাজার হাজার অতিথি পাখির আগমন ঘটেছে। বিশিষ্ট পাখিবিশারদ শাহজাহান সরদারের মতে, মুহুরী লেকে প্রায় ১৬ প্রজাতির অতিথি পাখি আসে। এদের বেশির ভাগই হাঁস প্রজাতির পাখি। মুহুরী লেক এলাকায় বেড়াতে আসা কোম্পানীগঞ্জের ইমাম উদ্দিন ও আমজাদ হোসাইন জানান, একশ্রেণীর অসাধু লোক নির্বিচারে পাখি শিকার করছে। উপজেলার সদর ইউনিয়নের ব্যবসায়ী আবু তৈয়ব ও আলমগীর হোসেন জানান, চট্টগ্রামের মিরসরাই উপজেলা ও ফেনীর বিভিন্ন এলাকার পাখি শিকারিরা প্রতিদিন অবাধে অতিথি পাখি শিকার করে যাচ্ছেন। স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় শিকারিরা নির্বিঘ্নে পাখি শিকার করে যাচ্ছেন।এদিকে পরশুরাম উপজেলার মির্জানগর ও বক্সমাহমুদ ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বন-জঙ্গল ও জলাশয়ে অবাধে বিপন্নপ্রায় পাখি শিকার চলছে। বর্তমানে সবচেয়ে বেশি শিকার করা হচ্ছে ডাহুক ও ঘুঘু পাখি।এই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পাখি শিকারিরা কাঠ ও জাল দিয়ে তৈরি বিশেষ ধরনের ফাঁদ পেতে ডাহুক ও ঘুঘু পাখি শিকার করছেন। শিকারিরা এসব পাখি খাঁচায় করে বাজারে নিয়ে বিক্রি করছেন। একটি ডাহুক ৩০০ থেকে ৫০০ টাকা, আর ঘুঘু পাখি প্রতি জোড়া ১০০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করছেন। ডাহুক পাখি স্থানীয়ভাবে বিভিন্ন ওষুধের উপকরণ মনে করে অনেকে কিনে থাকেন।এ ব্যাপারে সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান, পরশুরাম উপজেলার মির্জানগর ইউপি চেয়ারম্যান নুর মুহাম্মদ ও বক্সমাহমুদ ইউপির চেয়ারম্যাান ইব্রাহিম খলিল জানান, শিকারিরা বিভিন্ন স্থানে পাখি শিকার করে প্রকাশ্যে বাজারে বিক্রি করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ও পরশুরাম থানার ওসি আলী আরশাদ জানান, কারও বিরুদ্ধে পাখি শিকারের খবর পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মুহুরী এলাকায় পুলিশি টহল জোরদারের ব্যবস্থা করা হবে। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহির রায়হান ও পরশুরামের ইউএনও নির্মল কান্তি চাকমা প্রথম আলোকে জানান, এসব পাখি শিকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পাখি শিকারে নিরুৎসাহিত করতে এলাকায় প্রচারণা চালানো হবে।