মুহুরীর চর নিয়ে বিরোধ শিগগিরই মীমাংসা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তবর্তী মুহুরীর চরের সীমানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিরোধ দুই দেশের উচ্চপর্যায়ে বৈঠকের মাধ্যমে শিগগিরই মীমাংসা করা হবে।
গতকাল বৃহস্পতিবার মুহুরীর চর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং তারা সব সময় আমাদের পাশে থাকে। বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট ভারতের সঙ্গে সব চুক্তি এ সরকারের আমলে বাস্তবায়ন হবে।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, সরকারের যুগ্ম সচিব দীপক চক্রবর্তী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে বিলোনিয়া সীমান্তের মজুমদারহাট সীমান্তচৌকিতে যান। পরে তিনি মুহুরীর চর এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আবার হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যান।