মুহুর্মুহু ককটেল ফাটিয়ে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের কালীর বাজার স্বর্ণপট্টি এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে অন্তত ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আল আমিন জুয়েলার্সে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় ওই দোকানের মালিক ও ছেলেসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে স্বর্ণ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে র‌্যাব ও পুলিশ ছুটে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে মুখোশ পরা ১০-১২ জন যুবক আল আমিন জুয়েলার্সের সামনে একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটায়। আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় ডাকাতেরা আল আমিন জুয়েলার্সের কর্মচারীদের মারধর করে বের করে দেয়। দোকানমালিক শহীদুল ইসলাম ও তাঁর ছেলে আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দোকান থেকে স্বর্ণালংকার লুট করে। এরপর আবারও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।ঘটনার পরপরই স্বর্ণ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়ে লাঠিসোঁটা নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা রাত সাড়ে ১০টা পর্যন্ত শহরের বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে রাখেন। এতে এ সড়কে যান চলাচল বন্ধ থাকে। আল আমিন জুয়েলার্সের ব্যবস্থাপক রুস্তম আলী জানান, ডাকাতেরা দোকানে প্রদর্শনের স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। তবে কী পরিমাণ স্বর্ণালংকার লুট হয়েছে, তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি রুস্তম।পথচারী ব্যবসায়ী আলমগীর হোসেন ও সায়েমউদ্দিন জানান, একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। মানুষ দিগিবদিক ছোটাছুটি করতে থাকে।কালীর বাজার স্বর্ণশিল্পী কারিগর সমিতির সাংগঠনিক সম্পাদক মুকুল মজুমদার বলেন, ‘হামলাকারীরা আল আমিন জুয়েলার্সের আশপাশের প্রতিটি বিপণিবিতানের প্রবেশপথে ২০টি বোমার বিস্ফোরণ ঘটায়, যাতে আমরা বিপণিবিতান থেকে বের হতে না পারি। তবু আমরা দোকান বন্ধ করে বের হই। আমরা বের না হলে ডাকাতেরা আরও দোকানে লুটপাট করত।’ মুকুল অভিযোগ করেন, ঘটনাস্থল থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে র‌্যাবের কার্যালয়। ডাকাতেরা ১০ মিনিট ধরে বোমার বিস্ফোরণ ঘটালেও তারা আসেনি। কারিগর সমিতি ও মালিক সমিতির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে ডাকাতির প্রতিবাদে কাল শনিবার শহরের ২ নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত অর্ধদিবসের হরতাল ঘোষণা করা হবে।এদিকে নারায়ণগঞ্জ জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন বলেছেন, ডাকাতেরা দোকান থেকে সব মালামাল লুট করে নিয়ে গেছে। কী পরিমাণ মালামাল লুট হয়েছে, তা হিসাব করে দেখা হচ্ছে। এর আগেও শহরের টানবাজারে রিফাত জুয়েলার্সে ডাকাতেরা ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ২০০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, ‘এলাকায় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আল আমিন জুয়েলার্সে ডাকাতির চেষ্টা করা হয়েছে। ডাকাতেরা স্বর্ণালংকার নিয়ে গেছে কি না, আমাদের জানা নেই। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’