মুহূর্তেই স্মৃতি হয়ে গেল পরিবারটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব বেশি টাকাপয়সা না থাকলেও শেখ মো. সোহেলের সংসারে সুখের কমতি ছিল না। স্ত্রী সাইমা বেগমের সঙ্গে বোঝাপড়াটা দারুণ ছিল। দুই শিশুসন্তানকে নিয়ে ছোট্ট ছিমছাম পরিবার ছিল তাঁর। ফ্রিজ ও এসি মেরামত করে সংসার চালাতেন তিনি। ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন ছিল ভালোবেসে বিয়ে করা এই দম্পতির। কিন্তু সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই স্মৃতি হয়ে গেল পুরো পরিবার।

গত শনিবার রাতে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজের বাসায় ফিরছিলেন সোহেল। পথে বেপরোয়া বাস দুমড়েমুচড়ে দেয় অটোরিকশাটিকে। ঘটনাস্থলেই মারা যায় শেখ মো. সোহেল (৩৫), তাঁর স্ত্রী সাইমা বেগম (৩০), দুই সন্তান শেখ শাহদাত বিনতে সামরিন (৫) ও শেখ সাফওয়ান বিন সাফরান (২)।সাইমার বাবার বাড়ি চট্টগ্রাম শহরের আলকরণে। গত মঙ্গলবার একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাচ্চাদের নিয়ে তিনি বাবার বাড়িতে বেড়াতে যান। তাঁর নিজের বাসা শহরের একটু দূরে চট্টগ্রামের কর্ণফুলী থানার চরপাথরঘাটায়। শনিবার রাতের খাবারের পর সাড়ে ১১টায় স্ত্রী-সন্তানদের নিয়ে নিজের বাসার উদ্দেশে রওনা হন সোহেল। এক ঘণ্টার মধ্যে বাসায় পৌঁছে যাওয়ার কথা ছিল তাঁদের। কে জানত পথে শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় মৃত্যু অপেক্ষা করছে তাদের জন্য! দুর্ঘটনায় মারা গেছেন অটোরিকশার চালক সুরেশ দেও।

গতকাল বেলা সাড়ে ১১টায় আলকরণের শেঠপাড়ায় সাইমাদের বাড়িতে ঢুকতেই দেখা গেল মানুষের জটলা। বাসার সামনে মরদেহ বহনকারী খালি খাটিয়া পড়ে রয়েছে। একটু এগোতেই বাড়ি থেকে ভেসে আসছিল স্বজনদের আর্তনাদ। এ সময় ভেতর থেকে বুক চাপড়াতে চাপড়াতে বেরিয়ে এলেন একজন। তাঁর নাম আবদুর রশিদ। তিনি সাইমার বাবা। বিলাপ করতে করতে বলছিলেন, ‘আমাকে কে বলবে, চিপস কিনে দাও...।’

বাড়ির আঙিনা থেকে বের হয়ে গলির মধ্য একটি প্লাস্টিকের চেয়ারে বসলেন আবদুর রশিদ। তাঁর টিনশেড একতলা ঘরে তখন ছোট নাতি-নাতনির শেষ গোসল চলছিল। মেয়ে, জামাই ও নাতি-নাতনিকে হারিয়ে তিনি পাগলপ্রায়। নির্বাক প্রতিবেশী আর কাঁদতে থাকা স্বজনেরা সান্ত্বনার কোনো ভাষাই যেন খুঁজে পাচ্ছিলেন না।

 ‘রাতে আমি সিএনজিতে তুলে দিয়েছি। সিএনজিওয়ালাও আমার পরিচিত। কিন্তু কী হয়ে গেল। টোল দিচ্ছিল নাকি চালক। তখন বাস এসে চাপা দিল। আমার নাতি-নাতনিগুলোকে চেনা যাচ্ছে না। পুরো সংসারটাই শেষ হয়ে গেল’, বলেই কান্না জুড়ে দিলেন আবদুর রশিদ।

দুর্ঘটনার পর শনিবার রাতে ভগ্নিপতি সোহেলের মুঠোফোন থেকে একটি কল আসে সাইমার ভাই আবদুল আহাদের কাছে। তাঁরা নিরাপদে বাসায় পৌঁছে গেছে ভেবে নিশ্চিন্তে ফোনটি ধরেন তিনি।

আহাদ বলেন, ‘রাত ১২টা ১০ মিনিটে আমার কাছে ফোন আসে। ফোনটি ছিল পুলিশের। তখন বলল ঘটনাস্থলে যেতে। ওরা দুর্ঘটনায় পড়েছে। গিয়ে দেখলাম সব শেষ।’