মুহ্তাসিমকে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী মুহ্তাসিম বিল্লাহর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার মানববন্ধন করেছেন ওই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তারা এই খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

আজ শনিবার বেলা ১১টায় শহরের শ্যামাচরণ রায় সড়কে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সামনে কলেজের শিক্ষক ও সাত শতাধিক শিক্ষার্থী সড়কের দুই পাশে মানববন্ধন করে। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন।

মানববন্ধনে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন ওই কলেজের অধ্যক্ষ এ কে এম আবদুর রফিক, উপাধ্যক্ষ এ কে এম দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মফিজুর নুর।
এ সময় তাঁরা বলেন, মুহ্তাসিমের মৃত্যুর পর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শত শত মানুষের সামনে ঘোষণা দিয়েছিলেন যে, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা হবে। কিন্তু ২৪ ঘণ্টার অনেক বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।
শিক্ষকেরা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে বিচারের প্রক্রিয়া শুরু করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধন শেষে শ্যামাচরণ রায় সড়কে মুহ্তাসিমের সহপাঠীরা বিক্ষোভ মিছিল করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের টাউন হল মোড়ে মুহ্তাসিম বিল্লাহকে (১৭) ছুরিকাঘাত করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। মুহ্তাসিম বিল্লাহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলাম এবং তা আমরা দ্রুতই বাস্তবায়ন করব। পুলিশ খুনিদের ধরতে মাঠে কাজ করে যাচ্ছে। আশা করি খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।’