মুহ্যমান হোসেনি দালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোকে মুহ্যমান হয়ে আছে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া। কোনো সাড়া-শব্দ নেই। চেপে বসেছে স্তব্ধতা। গতকাল রোববার দুপুরে দেখা গেল গুটি কয়েক নিরাপত্তারক্ষী আর গণমাধ্যমকর্মী ছাড়া ইমামবাড়া চত্বরে আর কেউ নেই। অথচ আশুরার পরে অন্তত দুই দিন ধরে হাজারো মানুষের সমাগমে জনাকীর্ণ হয়ে থাকত ইমামবাড়া চত্বর।
গত শুক্রবার মধ্যরাতে আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরুর ঠিক আগে গ্রেনেড হামলার ঘটনা দৃশ্যতই স্তব্ধ করে দিয়েছে প্রায় ৪০০ বছরের এই ঐতিহাসিক স্থাপনার চত্বরটিকে। সাধারণত আশুরার দিন সকালে তাজিয়া মিছিলের পর আরও দুই দিন বিভিন্ন কর্মসূচি থাকে এখানে। এর মধ্যে আশুরার বিকেলে অনুষ্ঠিত হয় ‘ফাঁকা শিকানি’ নামের বিশেষ মাহফিল। সন্ধ্যার পর থেকে সারা রাত ধরে চলে ‘মজলিশ-এ-শামে গারিবাঁ’। ইমামবাড়ার তত্ত্বাবধায়ক মির্জা মোহাম্মদ ফিরোজ হোসাইন জানালেন, ১২ মহররম রাতে অনুষ্ঠিত হয় ‘মজলিশ-এ-সায়েম’। শিয়া-সুন্নিনির্বিশেষে ইমামভক্ত অসংখ্য মানুষ তাদের নিজ নিজ মকসুদ পূরণের জন্য আশুরার মানত করে থাকে। এই মানতকারীসহ ইমামভক্তরা এসব মজলিশে অংশ নিয়ে শিরনি দেয়। স্মরণকালের মধ্যে এর কোনো ব্যতিক্রম ঘটেনি। তিনি মন্তব্য করেন, উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশেই শিয়া-সুন্নি উভয় মাজহাব এখানে একত্রে আশুরা পালন করে থাকে। কোনো দিন কোনো দাঙ্গা-হাঙ্গামা তো দূরের কথা, এমনকি উল্লেখ করার মতো কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। শুক্রবার রাতের হামলা এই গৌরবময় সম্প্রীতির ঐতিহ্যকে কালিমালিপ্ত করেছে।
গতকাল দেখা গেল, গ্রেনেড হামলার স্থানগুলো, উত্তর দিকের প্রধান প্রবেশপথের পাশের পাঠাগারকক্ষের বাইরে, ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে। শুকিয়ে কালো হয়ে আছে রক্তের দাগ। সুবাদার শাহ সুজার নৌ সেনাপতি মীর মুরাদ ১৬৪২ সালে হোসেনি দালান ইমামবাড়া প্রতিষ্ঠা করেছিলেন। তারপর এই প্রথম নাশকতাকারীদের হামলায় ইমামভক্তদের রক্তে রঞ্জিত হলো শিয়া সম্প্রদায়ের এই পবিত্র চত্বর।