মূল অভিযুক্ত এখন সাংসদ, দুই আসামি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান অভিযুক্ত এবার সাংসদ নির্বাচিত হয়েছেন। চার ‘ভাড়াটে খুনি’র দুজন জামিনে বের হয়ে খুন হয়েছেন। থানার পুলিশ, ডিবির হাত ঘুরে আদালতের নির্দেশে মামলার তদন্তের ভার পড়েছে সিআইডির ওপর।
এই হচ্ছে যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল ওরফে বিথার হত্যা মামলার সর্বশেষ অবস্থা। সাড়ে চার বছর আগে খুন হন তিনি।
‘বাবা যখন খুন হন তখন আমি অষ্টম শ্রেণীতে পড়তাম। এ বছর আমি উচ্চমাধ্যমিক দিচ্ছি। এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। কিন্তু এখনো এই হত্যার তদন্তই শেষ হয়নি। জানি না কবে বিচার হবে।’ আক্ষেপ করে কথাগুলো বলছিল ফাইরুজ ফাইজা।
যাঁর বিরুদ্ধে এই হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছিল এবং পুলিশের অভিযোগপত্রে যাঁর নাম এসেছিল, সেই খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবার সাংসদ হয়েছেন। গ্রেপ্তারের পর যে চারজন ‘ভাড়াটে খুনি’ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, তাঁদের মধ্যে মাসুদ রানা ও ফেরদৌস হোসেন জামিনে বের হয়ে খুন হয়েছেন। বাকি তিনজন এখনো কারাগারে।
পুলিশের দাবি, যে দুজন খুন হয়েছেন, তাঁরা সন্ত্রাসী এবং প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন।
২০০৯ সালের ১১ জুলাই রাতে খুলনা নগরের মুসলমানপাড়া এলাকার বাসার কাছে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বিথার। নিহতের শ্যালক মো. রফিউদ্দিন অজ্ঞাতনামাদের আসামি করে ২০০৯ সালের ১২ জুলাই খুলনা সদর থানায় হত্যা মামলা করেন।
প্রথমে থানার পুলিশ এবং এরপর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত করে। একপর্যায়ে মামলাটি যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ সেলে। প্রধানমন্ত্রীও বিথারের পরিবারকে বিচারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সাড়ে চার বছরে তদন্তকাজই শেষ হয়নি।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের চার বছর তিন মাস পর গত বছরের ১১ অক্টোবর পুলিশ অভিযোগপত্র দেয় আদালতে। তাতে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান ওরফে পপলুসহ নয়জনকে অভিযুক্ত করা হয়।
বীথারের স্ত্রী অধ্যাপক রুনু রেজা প্রথম আলোকে বলেন, অভিযোগপত্র দেওয়ার পর তাঁরা বিচার নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন। কিন্তু ২৭ অক্টোবর আদালত ওই অভিযোগপত্র গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। গত ২৭ নভেম্বরের মধ্যে ওই তদন্ত শেষ করার কথা ছিল। কিন্তু এরপর আরও তিন মাস পেরিয়ে গেছে। এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি।
বীথার কেন খুন হয়েছিলেন জানতে চাইলে রুনু রেজা প্রথম আলোকে বলেন, ‘কাউন্সিলর হওয়ার পর থেকেই টেন্ডারবাজি বন্ধ এবং এলাকার প্রভাবশালীদের খাল দখলের প্রতিবাদ করেন বিথার। এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজনসহ অনেক কাজ তিনি করেছিলেন। এসব কারণে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ তাঁকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করে। যারা খুন করেছিল তাদের মধ্যে পাঁচজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে মূল হোতাদের নাম বলেছিল।
বিথারের পরিবার এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই আসামিদের গ্রেপ্তার ও দ্রুত অভিযোগপত্র দেওয়ার দাবিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র তালুকদার আবদুল খালেকের নেতৃত্বে প্রায় এক বছর খুলনায় আন্দোলন-সংগ্রাম চলে। একপর্যায়ে বিথারের স্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সে সময় তিনি দাবি করেন, দলীয় নেতাদের হাতেই তাঁর স্বামী নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী বিচারের আশ্বাস দেন। ২০১০ সালে মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের পর্যবেক্ষণ সেলে যায়।
মামলার একজন তদন্ত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গোয়েন্দা পরিদর্শক মামুন খানের তদন্তে এই হত্যার সঙ্গে জড়িত প্রভাবশালীদের নাম বেরিয়ে আসে। তখন প্রভাবশালী কয়েকজন আসামিকে বাদ দেওয়ার চাপ আসে। এর মধ্যে একজন শীর্ষ ব্যবসায়ী নেতা রয়েছেন, যাঁর বিরুদ্ধে খুলনার একাধিক হত্যার পরিকল্পনার অভিযোগ আছে।
পুলিশ এই হত্যায় জড়িত থাকার অভিযোগে ‘ভাড়াটে চার খুনি’ একরাম হোসেন ওরফে আকাশ, শবে কাদির, ফেরদৌস হোসেন ওরফে হিরু ও সুমন হোসেন ওরফে রাজু এবং যুবলীগের প্রভাবশালী নেতা বুরুজসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে আকাশ, কাদির, হিরু, মাসুদ রানা ও রাজু এই হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে এই হত্যার নেপথ্যে মিজানুর রহমানসহ প্রভাবশালী রাজনীতিবিদদের নাম আসে।
পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক নাফিউর রহমান গত বছরের ১১ অক্টোবর খুলনা মহানগর হাকিম আমলি আদালত ‘ক’ অঞ্চলের বিচারক মো. জাকির হোসেনের আদালতে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদক এস এম মেজবাহ হোসেন ওরফে বুরুজ, চরমপন্থী দলের সদস্য একরাম হোসেন ওরফে সিয়াম ওরফে আকাশ, সুমন হোসেন ওরফে রাজু, জীবন ওরফে শবে কাদির, লিয়াকত আলী শিকদার, মাসুদ রানা ওরফে রানা, মো. মনিরুজ্জামান মাসুদ ওরফে তোতা মাসুদকে অভিযুক্ত করা হয়।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের আগে অভিযোগপত্রে আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার নাম আসায় দলের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দলের একটা অংশ অভিযোগপত্র থেকে দলীয় নেতাদের নাম বাদ দেওয়ার দাবিতে নানা কর্মসূচিও পালন করে।
গত ২৭ অক্টোবর আদালত পুলিশের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ না করে সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
দুই আসামি খুন: অভিযোগপত্র গ্রহণ শুনানির মাত্র তিন দিন পর ৩০ অক্টোবর অন্যতম আসামি মাসুদ রানা (৪০) খুন হন। পুলিশ জানায়, ৩০ অক্টোবর বুধবার রাত আনুমানিক ১১টার দিকে নগরের শেখপাড়া বাজারসংলগ্ন কাউন্সিলর অফিসের সামনে দুর্বৃত্তরা তার মাথা ও ঘাড়ে কুপিয়ে হত্যা করে।
রানার মা শাহানা বেগম অভিযোগ করেন, পরিকল্পনা করেই তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।
তবে সোনাডাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, রানার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ছয়টিসহ নগরের বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। রানা আরেক শীর্ষ সন্ত্রাসী হিরুর শ্যালক। রানার আপন ভাই সুমন হোসেনও (৩৫) এই হত্যা মামলার আসামি।
এর আগে ওই বছরেরই ৮ এপ্রিল এই মামলায় জবানবন্দি দেওয়া আরেক সন্ত্রাসী ফেরদাউস হোসেন ওরফে হিরুর লাশ উদ্ধার করা হয়। বটিয়াঘাটা উপজেলার খুলনা-রূপসা বাইপাস সংযোগ সড়ক এলাকার একটি ডোবার পাশে মাথায় দুটি, বুকের মাঝখানে দুটি এবং বাঁ পাঁজরে একটিসহ মোট পাঁচটি গুলিবিদ্ধ অবস্থায় তাঁর লাশ পড়ে ছিল।
হিরুর স্ত্রী রত্না বেগম অভিযোগ করেন, ‘আমার স্বামীকে নানাজন নানা কাজে ব্যবহার করেছে। কিন্তু পরে আর তারা পাশে ছিল না। পরিকল্পনা করেই তাঁকে খুন করা হয়।
পুলিশ জানিয়েছে, হিরুর বিরুদ্ধে ১৩টি মামলা ছিল। হিরু খুলনার বাস্তুহারা লীগের সাংগঠনিক সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ছিলেন। মারা যাওয়ার আগে ১০ মার্চ খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানাধীন খোড়ার বস্তিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় র‌্যাবের গোয়েন্দা শাখার দুই কর্মকর্তা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হন। এ ঘটনায় র‌্যাবের উপসহকারী পরিচালক মোহাম্মদ আলী বাদী হয়ে ১১ মার্চ হিরুসহ আটজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নই। আমরাও চাই, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিরা বেরিয়ে আসুক। সিআইডি এখন মামলাটি তদন্ত করছে। আশা করি প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসবে।’
খুলনার সাবেক মেয়র ও বর্তমান সাংসদ তালুকদার আবদুল খালেক বলেন, ‘বিথার হত্যার বিচারের দাবিতে অনেক কর্মসূচি পালন করেছি। এখন আমি আর এটা নিয়ে কথা বলতে চাই না। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসুক, এটাই চাই।’
তদন্তের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে খুলনা সিআইডি সহকারী পুলিশ সুপার শাহরুম খান বলেন, ‘এটি একটি জটিল মামলা। কোনো সময়সীমার মধ্যে এর তদন্ত শেষ করা সম্ভব নয়।’