মূল অভিযুক্তকে বাদ দিয়ে নিরীহ কৃষককে আসামি
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সার পাচারের ঘটনায় করা মামলায় নিরীহ এক কৃষককে আসামি করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. দুলাল হোসেন ডিলার মো. আফাজ উদ্দিনকে বাঁচাতেই কৃষক আতিকুর রহমানকে মামলায় আসামি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এর আগে ২০১১ সালে বিপুল পরিমাণ ইউরিয়া সারের বস্তা কালোবাজারে বিক্রির দায়ে ডিলার আফাজ উদ্দিন ভূঞার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলাটি ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। সেই মামলারও বাদী ছিলেন দুলাল হোসেন। তখন তিনি অতিরিক্ত কৃষি কর্মকর্তা ছিলেন।
এলাকার অনেকের অভিযোগ, উপজেলা কৃষি কর্মকর্তা দুলাল হোসেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে ডিলারকে মামলায় আসামি না করে আতিকুর রহমানকে আসামি করে ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা করছেন।
তালজাঙ্গা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) তালজাঙ্গা ইউনিয়নের ডিলার মেসার্স আফাজ উদ্দিন ভূঞার গুদাম থেকে গত রোববার ৩০ বস্তা সার কালোবাজারে বিক্রির জন্য নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় পাচার করা হচ্ছিল। সন্ধ্যায় রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে পুরুড়া-শাহবাগ সড়কে আতিকুর রহমানের বাড়ির পেছনে সারবাহী দুটি টমটম পৌঁছলে তালজাঙ্গা ইউনিয়নের কয়েকজন লোক গাড়ি দুটি আটক করেন। এ সময় টমটমের চালকেরা সড়কের পাশে বস্তা ফেলে সটকে পড়ে। খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হবে—আশঙ্কায় সারের বস্তা কৃষক আতিকুর রহমানের ঘরে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে রাত আটটায় পুলিশ গিয়ে ওই সার জব্দ করে।
তালজাঙ্গা বাজারসংলগ্ন বাঁশাটি গ্রামের বাসিন্দা মো. সামছুল হক বলেন, সন্ধ্যার আগে আফাজ উদ্দিনের গুদাম থেকে সার বের হলে তিনি (সামছুল) কোথায় নেওয়া হচ্ছে, তা জানতে চান। এ সময় আফাজ উদ্দিনের ছেলে মো. ছিদ্দিকুর রহমান বস্তাগুলো ইউনিয়নের আকুরপুর গ্রামে যাবে বলে জানান। সন্দেহ হলে তাঁরা কয়েকজন সারবাহী টমটমের পিছু নেন। আতিকুর রহমানের বাড়ির কাছে পৌঁছার পর তাঁরা গাড়ি দুটি আটক করেন।
সারের ডিলার আফাজ উদ্দিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর ছেলে ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমি কালোবাজারে কোনো সার বিক্রি করিনি। কেউ প্রতিহিংসাবশত ভাওয়াল গ্রামে আটক হওয়া সার আমাদের গুদাম থেকে বিক্রি হয়েছে বলে প্রচারের চেষ্টা করছে।’
ঘুষ নিয়ে আফাজকে মামলার আসামি না করার অভিযোগ অস্বীকার করে মো. দুলাল হোসেন বলেন, ‘যাঁর বাড়ি থেকে সারের বস্তাগুলো উদ্ধার করা হয়েছে, তাঁকেই আসামি করা হয়েছে।’ কোথা থেকে সারের বস্তাগুলো আনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তে বেরিয়ে আসবে।