কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় পার্টির নেতা আতিকুর রহমান ওরফে রাজা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ব্যক্তিদের বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আতিকুর উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে মাদারগঞ্জ বাজারে ওই বিক্ষোভ মিছিল হয়। পরে মাদারগঞ্জ-কুড়িগ্রাম সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এরপর গাবতলা প্রাথমিক স্কুলমাঠে বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় লোকজন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নাগেশ্বরী পৌরসভার মেয়র ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুর রহমান মিঞা। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (এ) কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব আনিছুর রহমান, ভুরুঙ্গামারী উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক অধ্যক্ষ আবদুল আজিজ, সদস্যসচিব ওয়াহেদুজ্জামান সরকার। বক্তব্য দেন বল্লভেরখাস ইউনিয়নের জাতীয় পার্টির সদস্যসচিব শামসুল আলম, কচাকাটা প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান, বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল সরকার, কেদারের ইউপি চেয়ারম্যান ওয়াজিদুল কবির রাশেদ, নাগেশ্বরী যুব সংহতির সভাপতি মানিক, ভুরুঙ্গামারী যুব সংহতির সভাপতি শাহিন ব্যাপারী, নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আতিকুর হত্যাকাণ্ডের মূল আসামিদের বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। অবিলম্বে অভিযোগপত্রে মূল আসামিদের নাম অন্তর্ভুক্ত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
গত বছর ৭ অক্টোবর রাতে দুর্বৃত্তের হাতে খুন হন জাতীয় পার্টির নেতা আতিকুর। এ ঘটনায় নিহতের ছোট ভাই প্রভাষক আজিজুর রহমান কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মূল অভিযুক্ত ব্যক্তিদের বাদ দিয়ে গত শনিবার অভিযোগপত্র দেয়।