দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ব্যাংকে আলাদা হিসাব খোলা, সেই হিসাবে রাজস্ব তহবিলের টাকা স্থানান্তরসহ ইউএনওর একক এবং উপজেলা পরিষদের ভারাপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউএনওর যৌথ স্বাক্ষরে টাকা উত্তোলন করে ২ কোটি ১৭ লাখ ২২ হাজার ৩৭৬ টাকা ৭০ পয়সা আত্মসাৎ করা হয়। কিন্তু ওই টাকা আত্মসাতের অভিযোগে গত মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন মোল্লা মামলা করলেও ইউএনও ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আসামি করা হয়নি।
ওই মামলায় ইউএনও কার্যালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দিলীপ কুমার রায়, অফিস সহায়ক সুফিয়া আক্তার (বর্তমানে হাকিমপুরে কর্মরত), নিরাপত্তা প্রহরী জগবন্ধু দত্ত এবং শেখপুরা ইউনিয়নের বলতৈর গ্রামের স্বপন কুমার দাসকে আসামি করা হয়েছে।
এ ছাড়া ওই টাকা আত্মসাতের ঘটনায় দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইমতিয়াজ হোসেনের তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মীর খায়রুল আলম গত ৩ মার্চ দিলীপ, সুফিয়া ও জগবন্ধুকে সাময়িক বরখাস্ত করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মমিনুল হক ও ফতেহজংপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখতার হোসেন বলেন, উপজেলা পরিষদ ও তদন্ত কর্মকর্তা কৌশলে প্রকৃত অপরাধী সাবেক ইউএনও ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাঁচিয়ে নিরহ কর্মচারীদের ফাঁসানোর ষড়যন্ত্র করছেন।
জানতে চাইলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর আলম সরকার বলেন, তাঁকে বাদী করে মামলার সিদ্ধান্ত হলে তিনি ইউএনওসহ আসামিদের নাম উল্লেখ করে রেজল্যুশন করতে বলেন। সেটি না করায় তিনি বাদী হননি। তবে মামলায় আসামি হিসেবে সাবেক ইউএনও ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম উল্লেখ না করলেও তাঁদের অপরাধ উল্লেখ করা হয়েছে। এতে তাঁরা আসামি হয়ে যাবেন।
ইমতিয়াজের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, বর্তমান ইউএনও ফিরোজ মাহমুদ গত ১৬ আগস্ট চিরিরবন্দরে যোগ দেন। ফিরোজ ব্যাংক স্টেটমেন্ট ও ইউএনওর কার্যালয়ে রক্ষিত ক্যাশ বইয়ের মধ্যে ১ কোটি ৮৮ লাখ ৯৭ হাজার ৭৫১ টাকার গরমিল দেখতে পান। বিষয়টি তিনি জেলা প্রশাসককে লিখিতভাবে জানান। পরে ইমতিয়াজকে তদন্তের দায়িত্ব দেন জেলা প্রশাসক। ইমতিয়াজ প্রতিবেদনে উল্লেখ করেন, সাবেক ইউএনও মিজানুর রহমান ২০১২ সালের ৩০ আগস্ট থেকে ২০১৫ সালের ১৬ আগস্ট পর্যন্ত দায়িত্বে ছিলেন। এ সময় জনতা ব্যাংক চিরিরবন্দর শাখার ১০১১০১১০৪০ হিসাব থেকে ১৪টি চেকের মাধ্যমে ইজারার তহবিলের ৩৫ লাখ ৪২ হাজার ৭১২ টাকা উত্তোলন করা হলেও ক্যাশ বইতে এর এন্ট্রি নেই। এই টাকা ইউএনও মিজানুরের স্বাক্ষরে উত্তোলন করা হয়েছে। ভূমি রাজস্ব খাতে জমা করতে সরকারকে দেওয়া ৫ শতাংশ অর্থ ১৪ লাখ ৪৭ হাজার ২০৭ টাকা এবং ইউপি সচিব, দফাদার ও মহল্লাদারদের বেতন বাবদ ৫৭ লাখ ৮৮ হাজার ৮৩১ টাকা সংশ্লিষ্ট কোডের অনুকূলে দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে দিলীপ কুমার নামে দেওয়া হয়। ওই টাকা দিলীপ ও সুফিয়া চারটি চেকের মাধ্যমে ইউএনওর স্বাক্ষর জাল করে উত্তোলন করে।
উপজেলা পরিষদের ১ শতাংশ সম্পত্তি হস্তান্তর তহবিল-সংক্রান্ত সোনালী ব্যাংকের চলতি হিসাব নম্বর ০০১০২০০১৭ থেকে ৩৩টি চেকের মাধ্যমে দিলীপ, সুফিয়া, জগবন্ধু ও স্বপন কুমার ৭৯ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। নিয়ম অনুযায়ী ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের যৌথ স্বাক্ষরে এ হিসাব পরিচালিত হওয়ার কথা থাকলেও চেয়ারম্যানের পরিবর্তে সেখানে ভাইস চেয়ারম্যানের স্বাক্ষর রয়েছে।
তদন্ত প্রতিবেদনের ৬ নম্বর অধ্যায়ের ১, ২, ৩ অনুচ্ছেদে ইমতিয়াজ উল্লেখ করেন, ইউএনও মিজানুর বিধিবহির্ভূতভাবে সোনালী ব্যাংক কর্মকর্তাকে পত্র দিয়ে পৃথক হিসাব খোলেন। সেই হিসাবের বিপরীতে একটি চেক বইও ওঠান। সেই হিসাবে সম্পত্তি হস্তান্তরের তহবিলের অর্থ জমা দেওয়ার জন্যও তিনি লিখিতভাবে অনুরোধ করেন। তবে এসব ঘটনায় তদন্ত কর্মকর্তা ইমতিয়াজ সাবেক ইউএনও মিজানুর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী ভাইস চেয়ারম্যান আবু হান্নান মো. সাদেক ও কিছু সময় দায়িত্ব পালনকারী চেয়ারম্যান আফতাব উদ্দীনের বিরুদ্ধে শুধু দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনেছেন।
সম্প্রতি তদন্ত কর্মকর্তা ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, একজন ইউএনওর চরম দায়িত্বহীনতাও একটি অপরাধ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তে সব অপরাধীই আইনের আওতায় আসবে।
মামলায় সাবেক ইউএনও ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আসামি না করার বিষয়ে জানতে চাইলে গত মঙ্গলবার রাতে মুঠোফোনে উপজেলা চেয়ারম্যান আফতাব নিজেকে ডায়াবেটিসের রোগী দাবি করে এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, পরিষদ থেকে ২ কোটি ১৭ লাখ ২২ হাজার ৩৭৬ টাকা ৭০ পয়সা আত্মসাৎ হয়েছে। সাবেক ইউএনও মিজানুর গত মঙ্গলবার রাতে মুঠোফোনে দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, প্রশাসন চালাতে গিয়ে অনেকের ওপর বিশ্বাস রাখতে হয়। সেই সুযোগে ওই সব ব্যক্তি এসব ঘটনা ঘটিয়েছেন। তবে সাবেক ভাইস চেয়ারম্যান আবু হান্নান মো. সাদেক মুঠোফোনে ওই অভিযোগ অস্বীকার করেন। সুফিয়া, দিলীপ ও জগবন্ধুও মুঠোফোনে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।