মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুলছাত্রী রাবিনা বেগমকে প্রেমের ফাঁদে ফেলে হত্যার ঘটনার মূল অভিযুক্ত দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

উপজেলার ইসলামপুর ইউনিয়নের সহস্রাধিক বাসিন্দা গতকাল রোববার দুপুরে উপজেলা প্রশাসন চত্বরের সামনের রাস্তায় মানববন্ধন করেন। পরে মৌলভীবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করা হয়।

দুপুর ১২টার দিকে ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মৃণাল কান্তি সিংহ ও আবদুল খালিকের নেতৃত্বে মানববন্ধন হয়।এরপরগ্রামবাসী ২১ কিলোমিটার দূরে মৌলভীবাজার জেলা সদরে গিয়ে জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালকে স্মারকলিপি দেন। জেলা সদর থেকে ফিরে বিকেল চারটায় তাঁরা কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্কুলছাত্রীর হত্যাকারী দেলোয়ারকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। এখন মামলার সুষ্ঠু তদন্ত করে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রাবিনা বেগমকে প্রেমের ফাঁদে ফেলে গত ১২ জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নেন আদমপুর ইউনিয়নেরদেলোয়ার হোসেন। ছাত্রীর বাবা কাইয়াম উদ্দীনের দায়ের করা সাধারণ ডায়েরির সূত্রে পুলিশ গত বৃহস্পতিবার রাতে সন্দেহজনকভাবে দেলোয়ার হোসেনকে আটক করে। বেশ কয়েক দিন আটকে রাখার পর রাবিনাকে দেলোয়ার হত্যা করে লাশ ধলাই নদে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। এ নিয়ে গত শনিবার প্রথম আলোয় ‘হত্যার পর স্কুলছাত্রীর লাশ নদে, যুবকের স্বীকারোক্তি’ ও রোববার ‘কমলগঞ্জে স্কুলছাত্রী রাবিনা হত্যাকাণ্ডে মামলা, গ্রেপ্তার ১’ শিরোনামে খবর প্রকাশিত হয়।