বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামে শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলার মূল আসামি কামরুল ইসলাম টিটু জমাদ্দারকে পুলিশ গতকাল শনিবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার হয়নি কোনো মালামাল। এজাহার সূত্রে জানা যায়, গত রোববার রাত পৌনে তিনটার দিকে মাদ্রাসাশিক্ষক মো. ইউনুচ মল্লিকের বাড়িতে ১০/১২ জন ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির বড় ছেলে সৌদি আরব থেকে দেশে আসা সাইফুল্লাহসহ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ৯৫ হাজার টাকা, আট হাজার ৫০০ সৌদি রিয়াল, প্রায় সাত ভরি স্বর্ণালংকারসহ ছয় লাখ ১১ হাজার টাকার মালামাল লুটে নেয়। ডাকাতেরা বেরিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে। এ সময় জনতা হান্নান নামের এক ডাকাতকে ধরে ফেলে। হান্নান স্বীকার করে, দক্ষিণ তাফালবাড়ী গ্রামের কামরুলের নেতৃত্বে তারা শিক্ষকের বাড়িতে ডাকাতি করতে আসে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ইকবাল হোসেন জানান, ডাকাতদের আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।