মূল আসামি গ্রেপ্তার নেই ২৩ দিনেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার নয়াদিঘী ইসলামপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আমিনুর রহমান হত্যার ২৩ দিনেও মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা নেই বলে অভিযোগ উঠেছে।

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৬ জুন জুমার নামাজের পর মসজিদ পরিচালনা কমিটি গঠন ও হিসাব চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে আমিনুর রহমানকে (৫৫) একই গ্রামের নুরনবী, তাঁর ভাই নুরুল হক ও বাবা এমাজউদ্দিনসহ কয়েকজন পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় রাতেই আমিনুরের বড় ছেলেআবু সোহানুর রহমান থানায় মামলা করেন। এতে নুরনবীকে প্রধান করে নুরুল হক ও এমাজউদ্দিনসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়। পুলিশ ওই দিনই নুরনবীর বাবা এমাজউদ্দিন, মা নাজিরা বেগম ও স্ত্রী শিরিন আক্তারসহ চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। কিন্তু এত দিনেও নুরনবীসহ বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়নি।

আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ২৪ জুন সকালে‘পঞ্চগড়ের সচেতন জনগণ’ নামের ব্যানারে শহরের শের-ই-বাংলা পার্ক মোড়ে শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে আমিনুর রহমানের পরিবারের সদস্যরা ছাড়াও অনেক মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, মূল আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা নেই। মামলার তদন্তকারী কর্মকর্তা বদল করা হয়েছে। কিন্তু আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলায় চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরগ্রেপ্তারের চেষ্টা চলছে।