টাঙ্গাইলের মির্জাপুরের সোহাগপাড়া গ্রামে তিন মেয়েসহ এক মাকে পেট্রলে পুড়িয়ে হত্যার ঘটনার প্রধান আসামি জাহাঙ্গীর আলম পুলিশের জালের (নাগালের) বাইরে চলে গেছে। তবে সে যাতে দেশের বাইরে পালাতে না পারে সে লক্ষ্যে সীমান্তে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। গত শনিবার পুলিশ এ কথা জানায়।
হত্যাকাণ্ডের পর দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত এসব কথা জানান।
এসআইয়ের ভাষ্য, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) পংকজ চন্দ্র রায়ের নেতৃত্বে পুলিশের গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন সংস্থা জাহাঙ্গীরকে ধরতে চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে তার পাসপোর্ট ও বাড়ি থেকে ৮৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। পুলিশি তৎপরতা জানতে জাহাঙ্গীর নতুন কারও সঙ্গে সখ্য গড়ে তুলেছে যে তাকে তথ্য দিয়ে সহযোগিতা করছে। হত্যাকাণ্ডের দিন নিহত স্কুলছাত্রী মনিরা আক্তার নানার বাড়ি থেকে দাদার বাড়ি আসার বিষয়টি প্রথমে নিশ্চিত হয় বখাটে জাহাঙ্গীর। পরে সন্ধ্যার পর মনিরাদের ঘরে আগুন লাগানোর সিদ্ধান্ত নেয় সে।