রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গত রোববার আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। কিন্তু মূল আসামি পলাতক থাকায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষকের পরিবার।
পুলিশের তদন্ত ও আদালতে দেওয়া এক আসামির জবানবন্দি অনুযায়ী, এই হত্যাকাণ্ডের মূল আসামি হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শরীফুল ইসলাম ওরফে খালিদ। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। তিনি এখনো পলাতক। তাঁর বাবা ও ভাইকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। শরীফুলের খোঁজে পুলিশের একটি দল ভারতে গিয়েছিল। কিন্তু তাঁর নাগাল পাওয়া যায়নি।
গত রোববার আদালতে অভিযোগপত্র দেওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক শিক্ষক রেজাউল করিমের বাসায় গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের অবহিত করেন।
যোগাযোগ করলে রেজাউল করিমের স্ত্রী হোসনে আরা প্রথম আলোকে বলেন, যার মাথা থেকে মূল পরিকল্পনা এসেছে, যিনি হত্যা মামলার মূল আসামি, তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে। তাঁরা তাঁর বিচার চান। তিনি ধরা না পড়া পর্যন্ত এবং তাঁর বিচার না হওয়া পর্যন্ত তাঁরা শান্ত হতে পারছেন না।
পুলিশের তদন্তের ব্যাপারে হোসনে আরা বলেন, পুলিশের তদন্তে তাঁরা সন্তুষ্ট। পুলিশ যথেষ্ট করেছে। তারা ভারতেও প্রতিনিধিদল পাঠিয়েছিল। কিন্তু শরীফুল ধরা না পড়লে এই পরিশ্রম সার্থক বলা যাবে না। এ জন্য মূল আসামিকে ধরতে হবে। তাঁকে বিচারের আওতায় আনতে হবে।