সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষক মো. হারুন-উর-রশিদ খুনের মামলার মূল আসামি কাওসার আহমদ ওরফে আবদুল লতিফ ছয় মাসেও গ্রেপ্তার হননি। প্রথম দফা পুলিশের তদন্তের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) মামলাটি স্থানান্ত করা হয়েছে।গত ২১ মার্চ কলেজ থেকে বাড়ি ফেরার পথে নগরের চৌহাট্টা এলাকার গৌড়গোবিন্দের টিলার নিকট ছুরিকাঘাতে খুন হন শিক্ষক হারুন। গতকাল মঙ্গলবার ঘটনার ছয় মাস অতিবাহিত হয়েছে। এই ছয় মাসেও মামলার মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় শিক্ষকের পরিবার উদ্বেগ প্রকাশ করেছে।সিলেট কোতোয়ালি থানা সূত্র জানায়, খুনের ঘটনার পরপরই অজ্ঞাতনামাদের আসামি করে নিহত হারুন-উর-রশিদের ভাই আল-আজিম সরকার মামলা করেন। পুলিশ ঘটনার তদন্ত করতে গিয়ে মূল খুনিদের না পাওয়ায় একপর্যায়ে মাঠে নামে র্যাব-৯। এক সপ্তাহের মাথায় র্যাব মহিলা কলেজের দুই ছাত্রীসহ আলীমুল (২৬), রাসেল (২৫) ও একটি আবাসিক হোটেল ব্যবস্থাপককে আটক করে। আটককৃতরা র্যাবের কাছে খুনের ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন এবং পালিয়ে থাকা কাওসার আহমদ ওরফে আবদুল লতিফ ছুরিকাঘাতে শিক্ষককে খুন করেছেন বলে জানান। গত ৩০ মার্চ আদালতে দুই ছাত্রী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কাওসারের ছুরিকাঘাতে শিক্ষকের খুন হওয়ার কথা জানান।মূল আসামি গ্রেপ্তারে তৎকালীন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলীর ভূমিকায় শিক্ষকের পরিবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাবর অভিযোগ দিলে ওসিকে বরখাস্ত করা হয়। পরে পুলিশের পদস্থ কর্মকর্তাদের পর্যবেক্ষণে মামলার তদন্তের কাজ চলছিল। গত ২ মে শিক্ষকের স্ত্রী আফরোজা হারুন মামলাটি সিআইডিতে স্থানান্তরের আবেদন করলে পুলিশের তদন্ত থেমে যায়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমানে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয় এবং সিআইডির পরিদর্শক মহিদুল ইসলাম খান তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন।সিআইডির একটি সূত্র জানায়, পুলিশের তদন্ত চলাকালেই জানা গেছে, মূল আসামি কাওসার ওরফে লতিফ একজন ব্রিটিশ পাসপোর্টধারী। কিন্তু তাঁর পাসপোর্ট যে নামে রয়েছে, সেই নামটি গোপন থাকায় তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া দুই মাসের মাথায় পাঁচজন পুলিশ কর্মকর্তার মাধ্যমে মামলার তদন্ত চালানো হয় এবং এতে এক ধরনের দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়। পরে এই সুযোগে মূল আসামি নিজেকে আড়াল করতে সক্ষম হন।তদন্ত কর্মকর্তা মহিদুল ইসলাম খান বলেন, মাসব্যাপী তদন্ত চলাকালে মূল আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। তিনি দাবি করেন, তদন্তের অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে মূল আসামির আসল নামের পাসপোর্ট নম্বরসহ যাবতীয় কাগজপত্র উদ্ধার করা হয়েছে।ছয় মাসেও মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে নিহত হারুন-উর-রশিদের স্ত্রী আফরোজা হারুন প্রথম আলোকে বলেন, বারবার বলা সত্ত্বেও আসামিদের টেলিফোন রেকর্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারে পুলিশ কোনো পদক্ষেপই নেয়নি। সিআইডি প্রয়োজনে অন্যান্য সংস্থার সাহায্য নিয়ে টেলিফোন রেকর্ড উদ্ধারসহ অন্যান্য আলামত যথাযথভাবে সংরক্ষণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।