মূল আসামিকে গ্রেপ্তারের দাবিতে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ
শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষার্থী পুলক পাল (১৯) হত্যা মামলার মূল আসামি এমরান মিয়াকে গ্রেপ্তারের দাবিতে সহস্রাধিক জনতা গতকাল শনিবার ঢাকা-মৌলভীবাজার সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে। অবরোধ চলাকালে সড়কের দুই পাশে তিন শতাধিক যানবাহন আটকা পড়ে।বিকেল পৌনে পাঁচটার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ২ নম্বর পুল এলাকায় পুলককে ছুরিকাঘাত করার স্থানে ঢাকা-মৌলভীবাজার সড়কের ওপর টায়ারে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করেন পুলকের সহপাঠীরা। পরে সন্ধানী আবাসিক এলাকা এবং আশপাশের আরও তিন-চারটি গ্রাম থেকে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু এসে সড়কে বসে। এ সময় হাতে পুলকের ছবি নিয়ে তাঁর সহপাঠীদের ‘পুলক হত্যার আসামি এমরানের গ্রেপ্তার চাই, ফাঁসি চাই’, ‘পুলকের রক্ত বৃথা যেতে দেব না’, পুলক-করিমের রক্তে ভেজা মাটিতে সন্ত্রাসীদের ঠাঁই নাই’ স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়। এ সময় অবরোধের সমর্থনে বক্তব্য দেন মো. হাসান আহমেদ, রাজীব দেব, রাজীব আহসান, মুহিবুল হাসান চৌধুরী প্রমুখ।সন্ধ্যা ছয়টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়েজ আহাম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তফাজ্জুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন মাহাবুব উল ইসলাম ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এমরানকে অবশ্যই অনতিবিলম্বে গ্রেপ্তার করা হবে, তাঁদের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা সাড়ে ছয়টায় অবরোধ তুলে নেওয়া হয়।এর আগে আজ রোববার বেলা দুইটায় ২ নম্বর পুল থেকে একটি শোকযাত্রা, পৌর এলাকার চৌমোহনায় মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ২ নম্বর পুল এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পুলক পাল নিহত হন। এ সময় সন্ত্রাসীদের ধরতে গিয়ে করিম মিয়া (২৫) নামের এক কারখানার কর্মচারী গুরুতর আহত হন। এ ঘটনায় হত্যা মামলা হলে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে।