মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে যুবলীগ নেতা ইমরান মিয়া (২৮) হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছেন। একই সঙ্গে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন।
গতকাল সকাল ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এলাকাবাসী প্রেসক্লাবের সামনে জড়ো হন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ, জেলা ও মহানগর দোকানমালিক সমিতির সাধারণ সম্পাদক যথাক্রমে রেজাউল ইসলাম ও আলতাফ হোসেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার তালুদকার প্রমুখ।
বেলা ১১টার দিকে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভকারীরা বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। ঘণ্টাব্যাপী ঘেরাও চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সমাবেশে সিটি মেয়র বক্তৃতা করেন।
সমাবেশে মেয়র বলেন, আগামী ১০ দিনের মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা না হলে সিটি করপোরেশনে ধর্মঘট এবং রংপুরে হরতালসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে থানা-পুলিশ সূত্র জানায়, ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য ইমরান মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার শ্রমিক রেজাউল কবির ওরফে খোকন ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, রেজাউল কবির সাতমাথা এলাকাসহ কয়েকটি স্থানে শ্রমিক ইউনিয়নের টোলের (চাঁদা) টাকা আদায় করতেন। তাঁর বাড়ি শহরের মাহিগঞ্জে। এজাহারভুক্ত আসামির বাইরে হত্যাকাণ্ডের সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে। তাদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। মামলার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।
১০ নভেম্বর রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইমরান মিয়া আহত হন। পরদিন হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা করেন।