মূল আসামিদের নাম বাদ দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলা শহরে দোকানপাট ভাঙচুরের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা, গুলিবর্ষণ ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্র থেকে মামলার মূল আসামিদের নাম বাদ দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
জেলা প্রেসক্লাবে গতকাল সোমবার বেলা ১১টায় বৈঠক করেন সাংবাদিকেরা। অভিযোগপত্রে (চার্জশিট) মূল আসামিদের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, বিটিভির প্রতিনিধি আবু তাহের, ইত্তেফাক প্রতিনিধি আফসার উদ্দিন প্রমুখ। তাঁরা মূল আসামিদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করে দ্রুত বিচারের দাবি করেন। সাংবাদিকেরা বলেন, চলতি বছরের ১৫ মার্চ রাত আটটায় একদল দুর্বৃত্ত জেলার লালমোহন পৌরসভার সদর রোডে আওয়ামী লীগের সাবেক নেতা মোকলেসুর রহমানের মালিকানাধীন বিপণিবিতান ‘মিয়া প্লাজা’র দোকানপাট ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয়। এ সময় ছবি তুলতে গেলে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা করে। হামলাকারীরা সাংবাদিকদের পিটিয়ে রাস্তায় ফেলে দিয়ে ক্যামেরা, মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে আহত সাংবাদিকদের হাসপাতালে নেওয়া হলে সেখানে আবার হামলা করে সন্ত্রাসীরা।
ঘটনার পরদিন রাতে আরটিভির ক্যামেরাপারসন মো. ইউসুফ বাদী হয়ে মামলা করেন। মামলায় আওয়ামী লীগের নেতা ও লালমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান ও তাঁর ছেলে রাকিব হোসেন ছাড়াও ফরাদ হোসেন, জামাল উদ্দিন, মো. ফরিদ, জোবায়ের, আমিনুল ইসলাম, আকবরসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। তবে উল্লিখিত নামগুলো বাদ দিয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মনোরঞ্জন মিস্ত্রি চলতি মাসের শুরুতে মো. কামালকে একমাত্র আসামি রেখে চার্জশিট দিয়েছেন। বাদীপক্ষ এ ঘটনা জানার পর নারাজির প্রস্তুতি নিচ্ছে। লালমোহন থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘তদন্তকারী কর্মকর্তা তদন্তে যাঁদের নাম পেয়েছেন, তাঁদের আসামি করেছেন। বাকিদের কেন বাদ দিয়েছেন, বলতে পারব না।’