মূল আসামিদের বাদ দিয়ে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহারে দশম জাতীয় সংসদ নির্বাচনের পরদিন পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় বাবা-ছেলেসহ তিনজনকে হত্যার মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তবে এতে মামলার এজাহারভুক্ত মূল আসামিদের নাম নেই।

মামলার তদন্তকারী সংস্থা ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক ৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে মামলার বাদী বিষয়টি গতকাল বৃহস্পতিবার জানতে পারেন। পরে তিনি অভিযোগপত্রের কপি আদালত থেকে সংগ্রহ করেন।

মামলার বাদী নিহত মোকসেদ ওরফে মোছা খন্দকারের ছেলে মোতালেব খন্দকার অভিযোগ করেছেন, মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে তাঁকে কিছু না জানিয়ে তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেছেন। মামলার অন্যতম আসামি সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের ভাই মোতালেব খান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রাহিম কমিশনার, বর্তমান সভাপতি আলমাছ উদ্দিন ও জহিরুল ইসলাম ওরফে জহুকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি ও মামলার পুনঃ তদন্তের জন্য আদালতে আবেদন করবেন বলে জানান।

জাতীয় সংসদ নির্বাচনের পরদিন গত ৬ জানুয়ারি সকালে দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের হাজারবিঘা গ্রামে সহিংস হামলার ঘটনা ঘটে। এতে তিনজন নিহত ও ২০ জন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন মোকসেদ ওরফে মোছা খন্দকার, তাঁর ছেলে মাসুদ খন্দকার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মকবুল হোসেন। এ ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের ছোট ভাই ও দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব খান, উপজেলা যুবলীগের বর্তমান ও সাবেক সভাপতিসহ ১৫০ জনের নামে মামলা করেন মোতালেব খন্দকার। ঘটনার পরদিন মামলাটির তদন্তভার ঢাকা জেলা ডিবির হাতে দেওয়া হয়।

মুঠোফোনে যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু বকর সিদ্দিক প্রথম আলোকে জানান, আগামী রোববার মামলার অভিযোগপত্র দাখিল করা হবে। ইতিমধ্যে অভিযোগপত্র দাখিলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।