মূল আসামিদের বাদ দিয়ে অভিযোগপত্র!
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মনাফ চৌধুরী হত্যা মামলায় ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পাশাপাশি তিন আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। বাদীর অভিযোগ, যাঁদের অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে, তাঁরাই ঘটনার মূল হোতা।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১০ আগস্ট রাতে আবদুল মনাফ চৌধুরীর ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২২ আগস্ট মারা যান। এ ঘটনায় নিহত আবদুল মনাফের বড় বোন নেহার বেগম চৌধুরী হাজীপুরের কাউকাপন গ্রামের মাহমুদুর রহমান, মতিউর রহমান, অপু মিয়া, টিটু মিয়া, তছির মিয়া, আরিফ মিয়া, মুক্তার আলী, আবজল মিয়া, সামছুল হক, মির্জা কবির বেগ, হরিচকের খালিক মিয়া, সাধনপুরের শাহীন মিয়া এবং বাঁশউরি গ্রামের মো. রইছ মিয়াকে আসামি করে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা করেন।পুলিশ সূত্র জানায়, কুলাউড়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান তদন্ত শেষে ওই মামলায় অভিযোগপত্র দাখিলের অনুমতি চেয়ে গত ১৫ মে পুলিশ সুপারের কাছে একটি সাক্ষ্য স্মারকলিপি দেন। তাতে মির্জা কবির বেগ ছাড়া অন্যদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় বলে উল্লেখ করা হয়। তবে বিবাদীপক্ষের লিখিত আপত্তির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার সম্প্রতি কুলাউড়া থানার এসআই রজব আলীকে মামলাটি অধিকতর তদন্ত করতে দায়িত্ব দেন। তদন্তকারী কর্মকর্তা এজাহারে উল্লিখিত আসামি মিঠু, টিটু ও অপুকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে বাকি ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।মামলার বাদী নেহার বেগম অভিযোগ করেন, অধিকতর তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা তাঁর সঙ্গে কোনো কথা বলেননি। তাঁর অভিযোগ, যাঁদের অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে, তাঁরাই ঘটনার মূল হোতা। তিনি এ ব্যাপারে আদালতে নারাজি আবেদন দেবেন বলে জানান।এসআই রজব আলী অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষের লোকজনসহ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছি। অভিযোগপত্রের বিষয়ে আপত্তি বা সন্দেহ থাকলে বাদীপক্ষ আদালতে নারাজি দিতে পারেন।’