রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর শহরের তাজহাটের বিহারিপাড়া এলাকায় বিষাক্ত মদপানে আট ব্যক্তি মারা যান।
এদিকে মদপানে একসঙ্গে এত মানুষের মৃত্যুর পর তাজহাটসহ এর আশপাশের এলাকায় আবারও নতুন করে মদ বিক্রি শুরু হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তাজহাট এলাকার এক ব্যবসায়ী বলেন, এ ঘটনার পর কিছুদিন এসব
এলাকায় মানুষের তেমন একটা আনাগোনা না থাকলেও এখন নতুন করে আবার বাইরের মানুষের আনাগোনা শুরু হয়েছে। তিনি পুলিশের টহল জোরদার করার দাবি জানান।
অন্যদিকে মদপানে একই পরিবারের নিহত দুই ভাই নাসিম ও মনুর বড় ভাই আমিন মিয়া বাদী হয়ে গত ২৯ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। কিন্তু মামলার মূল আসামি মদ বিক্রেতা মিঠু, মিঠুর বাবা শহীদার রহমান ওরফে ছইয়া, মিঠুর মা হোসনে আরা ও তাঁদের পাশের বাড়ির হাসিনাকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।
তবে এই মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে ২০ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য চার ব্যক্তিকে পুলিশ হন্যে হয়ে খুঁজছে। এই হত্যা মামলা ছাড়াও মাদক ব্যবসার অভিযোগে ওই সময় পুলিশ বাদী হয়ে আরও আটটি মামলা করে। নগরের বিভিন্ন স্থান থেকে মাদক ব্যবসার অভিযোগে আটক করা ২৫ ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এ ব্যাপারে সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মলয় কিশোর ভট্টাচার্য বলেন, যখন কোনো ঘটনা ঘটে, তখন বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হয়। এরপর তা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে। মাসের পর মাস মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে অপরাধপ্রবণতা কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর কাদের জিলানী বলেন, মদ বিক্রির মূল হোতা চার ব্যক্তি পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ঠিক পেছনে এ ঘটনা ঘটে। এখানে পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় ওই ফাঁড়ির দুই পুলিশ কর্মকর্তাকে ঘটনার পরপরই প্রত্যাহার করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনার জের ধরে
বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান শুরু করা হয়েছে। মাদক ব্যবসার অভিযোগে ইতিমধ্যে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।