মূল আসামিরা ধরা পড়েনি হতাশ হিমাদ্রীর স্বজনেরা
কুকুর লেলিয়ে শিক্ষার্থী হিমাদ্রী হত্যার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। ‘শিগগিরই আসামিরা গ্রেপ্তার হবে’—দুই মাস ধরে পুলিশ এই আশ্বাস দিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে এর ফল দেখা যাচ্ছে না। এতে হতাশ হয়ে পড়েছেন হিমাদ্রীর স্বজনেরা।ব্যবসায়ী শাহ সেলিম টিপু ও তাঁর ছেলে জুনায়েদ ওরফে রিয়াদ হিমাদ্রী হত্যা মামলার প্রধান আসামি। জানা গেছে, জুনায়েদই কুকুর লেলিয়ে তাঁকে ছাদ থেকে ফেলে দেয় বলে চিকিৎসাধীন অবস্থায় হিমাদ্রী বলে গেছেন। ঘটনার পরপরই জুনায়েদ লন্ডন চলে গেলে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও পুলিশের ভাষ্য অনুযায়ী জুনায়েদ এখনো দেশে রয়েছেন। এ মামলার অন্য আসামিরা হলেন: জুনায়েদের বন্ধু শাহাদাত হোসেন, শাওন ও মাহবুব আলী ওরফে ডেনি। তার মধ্যে হিমাদ্রী মারা যাওয়ার সপ্তাহ খানেক পর শাহাদাতকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার পর থেকে পুলিশ সাংবাদিক ও হিমাদ্রীর পরিবারকে আশ্বাস দিয়ে যাচ্ছে, আসামিরা শিগগিরই ধরা পড়বে। এর মধ্যে মামলার তদন্ত কর্মকর্তাও পরিবর্তন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মাঠে নামানো হয়। কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই। গতকাল বুধবার মামলার নতুন তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর আসামিদের অবস্থান শনাক্ত করা গেছে বলে দাবি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আসামিদের অবস্থান শনাক্ত করা হয়েছে। আমরা শিগগিরই গোয়েন্দা পুলিশসহ অভিযানে নামব।’পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর আরও বলেন, ‘মামলার সব আসামি দেশে রয়েছে বলে আমরা নিশ্চিত। আমরা বিভিন্ন বিমান ও স্থলবন্দর থেকে তথ্য নিয়েছি, হিমাদ্রী হত্যার আসামি পালিয়ে গেছে এ রকম কোনো খবর নেই।’হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়ার পর জুনায়েদ লন্ডনে পালিয়ে গেছে বলে খবর বের হয়। পরে গত ১৫ জুন আসামি জুনায়েদের মা রেহেনা আক্তার সংবাদ সম্মেলনে জুনায়েদ লন্ডনে চলে গেছে বলে দাবি করেন। কিন্তু পুলিশ তখন থেকেই দাবি করে আসছে, তার পালিয়ে যাওয়ার কোনো তথ্য-প্রমাণ তাদের কাছে নেই।এ পরিস্থিতিতে হিমাদ্রীর স্বজনদের প্রশ্ন—যদি জুনায়েদসহ অন্য আসামিরা দেশেই থাকে, তাহলে কেন তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। পুলিশি তৎপরতায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন।হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার বলেন, ‘পুলিশ বারবার আমাদের আশ্বস্ত করে যাচ্ছে, আসামি গ্রেপ্তার হবে। কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি দেখছি না।’ প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে নগরের পাঁচলাইশে শাহ সেলিম টিপুর ভবনের ছাদ থেকে কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৩ মে তিনি মারা যান। ঘটনার পরপর হিমাদ্রীর বাবা পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। হিমাদ্রী মারা যাওয়ার পর তাঁর মামা অসিত দাশ একই থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।