মূল কাজটি পেল চীনা কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু প্রকল্প
পদ্মা সেতু প্রকল্প

১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ টাকায় বহুল আলোচিত পদ্মা বহুমুখী সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ পেয়েছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড৷ নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন এ প্রকল্প সংশোধনের সময় ব্যয় আরও বাড়তে পারে৷
সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ওই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব অনুমোদন করা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়৷ সভা শেষে কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান৷ অর্থমন্ত্রী বলেন, কার্যাদেশের পর চার বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে৷ প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে জুন মাসের মধ্যেই ওই কোম্পানির সঙ্গে কাজের চুক্তি করা হবে৷ আর কাজ শুরু হবে অক্টোবর-নভেম্বরের মধ্যে৷
অর্থমন্ত্রী জানান, এই সেতুর মূল কাঠামো নির্মাণের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৮৮৫ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার টাকা৷
সেতু বিভাগের সূত্রমতে, বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে মূল সেতুর জন্য চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও ডেইলেম, ফ্রান্সের ভিন্সি প্রাকযোগ্য হয়েছিল৷ বিশ্বব্যাংক সরে যাওয়ার পর নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলে ভিন্সি অংশ নেয়নি৷ স্যামসাং ও ডেইলেম কোম্পানি দুটি দুই পর্বের দরপত্রের প্রথম পর্বে অংশ নিলেও চূড়ান্ত পর্ব, অর্থাৎ আর্থিক প্রস্তাব জমা দেয়নি৷ স্যামসাং ১০ সপ্তাহ ও ডেইলেম ১২ সপ্তাহ সময় চেয়েছিল৷ কিন্তু সময় বৃদ্ধি করা হয়নি৷ পরে গত ২৪ এপ্রিল শুধু চায়না মেজর ব্রিজ আর্থিক প্রস্তাব জমা দেয়৷ গতকাল তাদের দরপ্রস্তাব অনুমোদন হলো৷
এই প্রতিষ্ঠানের দরপত্র অনুমোদন পাওয়ায় মূল সেতুতে তিন হাজার ৭৭২ কোটি টাকা ব্যয় বাড়ছে৷ ২০১১ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে পদ্মা সেতু প্রকল্পের জন্য যে সংশোধিত প্রস্তাব (আরডিপিপি) অনুমোদন করা হয়, তাতে মূল সেতুর জন্য ব্যয় ধরা হয়েছিল আট হাজার ৩৬১ কোটি টাকা৷ আর এখন মূল সেতু নির্মাণের ব্যয় ধরা হলো প্রায় ১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ টাকা৷
গতকাল অর্থমন্ত্রীও বলেছেন, এটা সত্য যে প্রাক্কলিত ব্যয় বেড়েছে৷ ভবিষ্যতে সংশোধনের সময় ব্যয় বাড়তে পারে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ কাজের জন্য ৭৪ দশমিক ৪০ শতাংশ টাকা বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা হবে৷ বাকি ২৫ দশমিক ৬০ শতাংশ অর্থ বাংলাদেশি মুদ্রায় পরিশোধ করা হবে৷
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে৷ অর্থমন্ত্রী আরও জানান, বিশ্বব্যাংক, এডিপি, জাইকা যখন এ প্রকল্পে যুক্ত ছিল, তখন যে নকশা করা হয়েছিল, সেটিই থাকবে৷
এ ছাড়া গতকালের সভায় ২০১৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও এসএসসি ভোকেশনাল স্তরের বিনা মূল্যে পাঠ্যপুস্তক তৈরির জন্য ১৮ হাজার মেট্রিক টন মুদ্রণ কাগজ ও এক হাজার ৪৫০ মেট্রিক টন কার্টিজ কাগজ ক্রয়ের দরহার অনুমোদন দেওয়া হয়৷ এ ছাড়া রাষ্ট্রীয় পর্যায়ের কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত এমওপি সার আমদানি-সংক্রান্ত ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়৷